আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজ চূড়ান্ত, অনিশ্চয়তায় বাংলাদেশ সফর

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় বাংলাদেশ সফরের পূর্বনির্ধারিত সূচির সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেই ম্যাচের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে এসিবি।

অন্যদিকে, বিসিবির পরিকল্পনা অনুযায়ী ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। পূর্বনির্ধারিত সূচিতে দুই দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। ওয়ানডেগুলো ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

ফলে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের শেষ টি-টোয়েন্টির দিনই আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ শুরু হওয়ার কথা। একই সময়ে দুই সিরিজ আয়োজন সম্ভব না হওয়ায় বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান স্টেকহোল্ডারদের পাঠানো এক চিঠিতে ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেই সিরিজের সময়সূচি ও ভেন্যু নির্ধারণ করা হয়েছে।

এ অবস্থায় ভারত যদি বাংলাদেশ ও আফগানিস্তান—দুই দলের বিপক্ষেই নির্ধারিত সিরিজ খেলতে চায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচিতে নতুন করে সমন্বয় করতে হবে।

২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে যায়নি ভারত। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফর করেছিল বাংলাদেশ। সেই সফরে দুই দল দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top