সান্তোসে নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আলোচনায় এসেছে ইন্টার মায়ামির নাম। ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৬। এর আগেই তিনি ক্লাব ছাড়বেন কি না, নাকি চুক্তি শেষ পর্যন্ত সান্তোসেই থাকবেন—তা নিয়ে জল্পনা চলছে।
নেইমারের সাম্প্রতিক কর্মকাণ্ডও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। গত মাসের শেষ দিকে শাপেকোয়েনসের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পরদিন সান্তোসের অনুশীলন কেন্দ্রে এসেও তিনি রিকভারি সেশনে অংশ না নিয়ে বেরিয়ে যান। এমন ঘটনা এখন ক্লাব-সংশ্লিষ্টদের কাছে একেবারে অচেনা নয়। মাঠে নেইমার খেলছেন, কখনো গোলও করছেন; তবে দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ইন্টার মায়ামির নাম সামনে আসছে। সেখানে বর্তমানে খেলছেন নেইমারের পুরোনো বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ফলে নেইমার মায়ামিতে গেলে দীর্ঘদিন পর আবারও একই দলে দেখা যেতে পারে একসময়কার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীকে।
বার্সেলোনায় ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মেসি, নেইমার ও সুয়ারেজ একসঙ্গে খেলেছিলেন। ওই সময়ে তিনজন মিলে জিতেছিলেন ৯টি ট্রফি। এর মধ্যে ছিল চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জয়। প্রথম মৌসুমেই তাঁদের সম্মিলিত গোলসংখ্যা ছিল ১২২—মেসি ৫৮, নেইমার ৩৯ এবং সুয়ারেজ ২৫।
তবে মায়ামিতে সম্ভাব্য এই পুনর্মিলনের বিষয়টি শুধু আবেগ বা পুরোনো স্মৃতি ঘিরে নয়, এর সঙ্গে বাণিজ্যিক দিকও জড়িত। ডেভিড বেকহামের নেতৃত্বাধীন ইন্টার মায়ামি গত ডিসেম্বরে সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকেও বিদায় জানিয়েছে। এমএলএস কাপ জয়ের পর বার্সেলোনার সেই সোনালি প্রজন্মের আরও দুই সদস্যের বিদায়ে মায়ামির দলে পরিবর্তনের একটি অধ্যায় শুরু হয়েছে।
নেইমারের ক্ষেত্রে অবশ্য বড় প্রশ্ন তাঁর শারীরিক সক্ষমতা। সাম্প্রতিক বছরগুলোতে বারবার চোটে পড়েছেন তিনি। ৩৪ বছর বয়সে এসে টানা ম্যাচ খেলে আগের মতো পারফরম্যান্স ধরে রাখা তাঁর জন্য কতটা সম্ভব হবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।
ইন্টার মায়ামি এখনো আনুষ্ঠানিকভাবে নেইমারের কাছে প্রস্তাব দিয়েছে—এমন তথ্য নেই। তবে মেসির উপস্থিতি সম্ভাব্য গন্তব্য হিসেবে ক্লাবটিকে আলোচনায় রাখছে। শেষ পর্যন্ত সান্তোসে থাকা, মায়ামিতে যাওয়া কিংবা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া—নেইমারের ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় কোন পথে যাবে, সেটি নির্ভর করছে তাঁর নিজের সিদ্ধান্তের ওপর।


