আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। এর ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলোর তালিকায় বাংলাদেশের সঙ্গে যোগ হলো আফগানিস্তানের নাম।
৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখের পর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ওই আট দলের মধ্যে থাকায় র্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। সেই হিসাবেই নবম স্থানে থাকা বাংলাদেশও বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়েছে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে। ওই দুই ম্যাচে জয় পেলেও ৯ নম্বরে উঠে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হবে না তাদের। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে আবারও কোয়ালিফায়ারে অংশ নিতে হবে ক্যারিবীয় দলটিকে।
এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ২০২৩ বিশ্বকাপেও তারা সরাসরি জায়গা পায়নি। কোয়ালিফায়ারের সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল দলটি। সেটিই ছিল প্রথমবার, যখন ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের মূল পর্বের বাইরে থাকতে হয়েছিল।
২০২৭ বিশ্বকাপের কোয়ালিফায়ার থেকে একটি দল সরাসরি মূল পর্বের দ্বিতীয় রাউন্ডে উঠবে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে ‘সুপার সিরিজ’ পর্বে। ওই ত্রিদেশীয় সিরিজের শীর্ষ দলও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।


