হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান, যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ কোনোভাবেই ছাড়বে না ইরান। দেশটির সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেছেন, প্রয়োজন হলে যে কোনো মূল্যে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটটির নিয়ন্ত্রণ ধরে রাখবে তেহরান।

রোববার (৯ আগস্ট) ইরানের বার্তাসংস্থা আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে। ফলে হরমুজ প্রণালি দিয়ে ইরানে যাতায়াতকারী জাহাজগুলোও চলাচল করতে পারছে না।

এদিকে হরমুজে ইরানের আরোপ করা নতুন নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। তাঁর দাবি, এই নিয়ন্ত্রণ অপরিবর্তনযোগ্য এবং যুক্তরাষ্ট্র চাইলেও তা বদলাতে পারবে না।

আমির আকরামিনিয়া আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হরমুজে ইরানের নিয়ন্ত্রণ পরিবর্তনের চেষ্টা করলে চলমান ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। তাঁর ভাষায়, বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ নেই; অন্যথায় অতীতের তুলনায় আরও বড় ক্ষতির মূল্য দিতে হবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top