সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ জনই বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই বাংলাদেশি বলে জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

রোববার (৯ আগস্ট) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, নিহতদের সবাই বাংলাদেশি। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এখনও চলছে।

নিহতদের পরিচয় শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলেও উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী আরও জানান, দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top