ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক পাকিস্তানের

ইসরাইলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরাইল মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ। তিনি বলেন, সব মুসলিম দেশকে এ বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ১৯১৭ সালের ব্রিটিশ বালফোর ঘোষণার ভিত্তিতে ইসরাইল প্রতিষ্ঠিত হওয়ায় দেশটি অঞ্চলটির যেকোনো দেশের জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি বছরের নির্বাচনে পরাজিত হলেও দেশটির অবস্থানে পরিবর্তন আসবে না বলেও মন্তব্য করেন তিনি। জেরুজালেমে নাফতালি বেনেট বা অন্য কেউ ক্ষমতায় এলেও পার্থক্য খুব সামান্য হবে বলে মন্তব্য করেন খাজা আসিফ।

এর আগেও ইসরাইলকে ‘মানবতার জন্য অভিশাপ’ ও ‘ক্যানসারাস রাষ্ট্র’ বলে তীব্র সমালোচনা করেছিলেন পাকিস্তানের এই মন্ত্রী।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top