২০২৬ ফুটবল বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে একাধিক নিরাপত্তা হুমকি এসেছিল বলে যুক্তরাষ্ট্রের পুলিশ প্রতিবেদনে উঠে এসেছে। মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা ও বোমা বিস্ফোরণের হুমকি পাওয়ার ঘটনাই ছিল সবচেয়ে গুরুতর।
বিশ্বকাপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এফবিআই ও আইপিসিসির প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি মেসিকে হত্যার পাশাপাশি স্টেডিয়ামে বোমা ও এআর-১৫ রাইফেল নিয়ে হামলার হুমকি দেন।
আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচের আগেও মেসিকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়। ম্যাচ চলাকালে স্টেডিয়ামের আবর্জনার বাক্সে তিনটি বোমা থাকার খবর পেয়ে তল্লাশি চালানো হলেও সেটি ভুয়া প্রমাণিত হয়।
রোনালদোর ক্ষেত্রেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। পর্তুগাল দলের হোটেল সম্পর্কে তথ্য সংগ্রহের সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, আর টরন্টোতে রোনালদোর সঙ্গে একই লিফটে ওঠার চেষ্টা করা আরেক ব্যক্তিকেও আটক করা হয়।


