আসামের বন্যায় গৃহহারা পরিবারকে ৫০০ ঘর দিচ্ছেন সালমান

আসামের ভয়াবহ বন্যায় ঘর হারানো পরিবারগুলোর পুনর্বাসনে ৫০০টি আধা স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তাঁর মানবিক সংগঠন ‘বিইং হিউম্যান’ স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল শিখসের সঙ্গে যৌথভাবে এই কাজ করছে।

শিবসাগর জেলার নেপালি খুটি এলাকায় এরই মধ্যে ২২০টি ঘর নির্মাণ শেষ হয়েছে। বাঁশ ও টিন দিয়ে তৈরি এসব ঘরের প্রতিটির নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার রুপি।

গ্লোবাল শিখসের প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং জানান, সালমান খান কয়েক দিন আগে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার আশ্বাস দেন। বর্তমানে প্রতিদিন ৮ থেকে ১০টি করে ঘর নির্মাণ করা হচ্ছে এবং প্রস্তুত ঘরগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর চলছে।

বন্যার শুরু থেকেই ‘বিইং হিউম্যান’ খাবার, পানীয় ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে। পরে অভিনেতা রণদীপ হুদার ত্রাণ কার্যক্রম সম্পর্কে জানতে পেরে পুনর্বাসন উদ্যোগটি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেন সালমান।

রণদীপ হুদাও শিবসাগর এলাকায় দুর্গতদের জন্য খাবার বিতরণ করছেন। তিনি সামর্থ্য অনুযায়ী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top