মাত্র এক ভোটের ব্যবধানে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড। অ্যালেক্স ক্যারিকে অল্প ব্যবধানে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার মেডেল জিতে বিশেষ কীর্তিও গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের ২০২৫–২৬ মৌসুমের সেরা খেলোয়াড়দের নাম বৃহস্পতিবার ব্রিসবেনে ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভোটাভুটিতে ট্রাভিস হেড পান ১৫৩ ভোট, অ্যালেক্স ক্যারি ১৫২ এবং মিচেল স্টার্ক ১৫০ ভোট। অর্থাৎ শীর্ষ তিনজনের লড়াই শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় মাত্র তিন ভোটের ব্যবধানে।
এক ভোটেই নির্ধারিত হলো বর্ষসেরা
অ্যালান বোর্ডার মেডেলে টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই পুরস্কারের ভোটে টেস্টের মূল্য ওয়ানডের দ্বিগুণ এবং টি-টোয়েন্টির তিন গুণ। প্রতিটি ম্যাচ শেষে খেলোয়াড়, আম্পায়ার ও গণমাধ্যমকর্মীরা ৩-২-১ পদ্ধতিতে ভোট দেন।

২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এবারের ভোট গণনা করা হয়। শীর্ষ তিনজনের পর স্টিভ স্মিথ পান ৯৬ ভোট এবং মিচেল মার্শের সংগ্রহ ৮৬ ভোট।
অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সেই এগিয়ে হেড
পুরস্কার জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ট্রাভিস হেডের অ্যাশেজ সিরিজের পারফরম্যান্স। পার্থ টেস্টে উসমান খাজার চোটের পর ওপেনিংয়ে নেমে ইংল্যান্ডের বিপক্ষে ৮৩ বলে ১২৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। পরে অ্যাডিলেডে ১৭০ এবং সিডনিতে ১৬৩ রান করে সিরিজজুড়ে ধারাবাহিকতা ধরে রাখেন।
অ্যাশেজে তাঁর মোট রান ছিল ৬২৯, স্ট্রাইক রেট ৮৭.৩৬। পুরো ভোটিং সময়ে ১১ টেস্টে করেন ৯৭১ রান, যা ওই সময়ে অস্ট্রেলিয়ার হয়ে অন্যতম সেরা ব্যাটিং পারফরম্যান্স।
ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের ইনিংস খেলেছিলেন হেড। সব মিলিয়ে তিন সংস্করণেই ধারাবাহিক অবদানই শেষ পর্যন্ত তাঁকে এগিয়ে রেখেছে।
ক্যারির লড়াইও ছিল সমানতালে
অ্যালেক্স ক্যারিও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন। ব্যাট হাতে দুটি টেস্ট সেঞ্চুরি করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গলে খেলেন ১৫৬ রানের ইনিংস, আর ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে করেন ১০৬ রান। উইকেটরক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শেষ পর্যন্ত মাত্র এক ভোটের জন্য বর্ষসেরা হওয়া থেকে বঞ্চিত হন।
স্টার্ক, মার্শ ও টিম ডেভিডও পেলেন স্বীকৃতি
অ্যালান বোর্ডার মেডেলের পাশাপাশি সংস্করণভিত্তিক সেরাদেরও ঘোষণা করা হয়েছে।
শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক। ভোটিং সময়ে তিনি ১৭.৮০ গড়ে ৫২ উইকেট নেন, যার মধ্যে অ্যাশেজেই ছিল ৩১টি উইকেট। জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের সীমিত উপস্থিতির মধ্যে পেস আক্রমণের নেতৃত্বও দেন তিনি।
ওয়ানডে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন মিচেল মার্শ। ছয় ম্যাচে ৩০৪ রান করে এই স্বীকৃতি পান তিনি। টি-টোয়েন্টিতে ১৯৭.৫০ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন টিম ডেভিড।
বিশেষ তালিকায় ট্রাভিস হেড
টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার মেডেল জিতে ট্রাভিস হেড অস্ট্রেলিয়ার কিংবদন্তিদের একটি বিশেষ তালিকায় নাম লিখিয়েছেন। একাধিকবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ী ক্রিকেটারদের মধ্যে এখন তিনি ষষ্ঠ সদস্য।
এদিকে অস্ট্রেলিয়া দলের সামনে এখন বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।


