জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। এবার তাদের সামনে নরওয়ে—যে দলের বিপক্ষে ইতিহাস মোটেও স্বস্তির নয়। চারবার মুখোমুখি হলেও একবারও জয়ের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর ব্রাজিল অপেক্ষায় ছিল পরবর্তী প্রতিপক্ষের। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।
আগামী ৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে কার্লো আনচেলত্তির দল।

এই ম্যাচের আগে পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে কথা বলছে না। দুই দলের চারটি দেখায় একবারও জিততে পারেনি সেলেসাওরা। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র।
বিশ্বকাপে একমাত্র দেখাতেও হার
বিশ্বকাপের ইতিহাসে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালের আসরের গ্রুপ পর্বে। সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় নরওয়ে।
ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেছিলেন বেবেতো। নরওয়ের হয়ে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল। সেই পরাজয় এখনও দুই দলের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি।
প্রীতি ম্যাচেও সুবিধা করতে পারেনি ব্রাজিল
বিশ্বকাপের বাইরে প্রীতি ম্যাচেও নরওয়ের বিপক্ষে খুব একটা সফল নয় ব্রাজিল। ১৯৮৮ সালে দুই দল ১-১ গোলে ড্র করেছিল।
এরপর ১৯৯৭ সালের ৩০ মে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ৪-২ গোলে জয় পায় নরওয়ে। সর্বশেষ ২০০৬ সালের আগস্টে মুখোমুখি হলে ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।
এ পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাব:
- ম্যাচ: ৪
- ব্রাজিলের জয়: ০
- নরওয়ের জয়: ২
- ড্র: ২
এবার কি বদলাবে ইতিহাস?
অতীতের পরিসংখ্যান ব্রাজিলের জন্য অস্বস্তিকর হলেও বর্তমান ছন্দ তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়ে দলটি দেখিয়েছে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য।
অন্যদিকে, আর্লিং হালান্ডকে সামনে রেখে নরওয়েও দারুণ আত্মবিশ্বাসী। দীর্ঘ বিরতির পর বিশ্বকাপ মঞ্চে ফিরে তারা ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে।
তাই ৬ জুলাইয়ের শেষ ষোলোর লড়াই শুধু অতীতের হিসাব মেটানোর সুযোগই নয়, দুই দলের বর্তমান শক্তিরও বড় পরীক্ষা হতে যাচ্ছে। জয়ী দলই জায়গা করে নেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।


