বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক শেষ ষোলোর আগে প্রিমিয়ার লিগকে বিশ্বসেরা বলেছিলেন। কিন্তু শেষ ষোলোর দুই রাতে সেই দলগুলো যা করল, সেটা ইংলিশ ফুটবলের জন্য রীতিমতো লজ্জার। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় ওঠা ছয়টি প্রিমিয়ার লিগ ক্লাবের একটিও প্রথম লেগে জয় পায়নি।
দুই রাতে যা হলো
প্রথম রাতে লিভারপুল গালাতাসারাইয়ের মাঠে ১-০ গোলে হারল। আতলেতিকো মাদ্রিদ টটেনহামকে ৫-২ গোলে উড়িয়ে দিল। বার্সেলোনার সঙ্গে নিউক্যাসল ১-১ গোলে ড্র করল।
পরের রাতে পিএসজি চেলসিকে ৫-২ গোলে বিধ্বস্ত করল। রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারাল। আর লেভারকুসেনের সঙ্গে আর্সেনাল ১-১ ড্র করল।

ইতিহাসের বিব্রতকর মাইলফলক
চেলসি ও ম্যান সিটির হার ইউরোপিয়ান কাপের ইতিহাসে একটি অপ্রীতিকর রেকর্ড তৈরি করল। একই দিনে দুটি ইংলিশ ক্লাব তিন বা তার বেশি গোলের ব্যবধানে হারল, এটা এর আগে কখনো হয়নি।
চেলসির জন্যও বিশেষভাবে লজ্জার। চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে পাঁচ গোল হজম করা তাদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার। এর আগে ২০০০ সালে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হেরেছিল তারা।
পেপ গার্দিওলার জন্যও রাতটা ছিল ভুলে যাওয়ার মতো। চ্যাম্পিয়নস লিগের নকআউটে প্রথম লেগে এটি তার ক্যারিয়ারে যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের হার।
এরপর কী
তিন গোলে পিছিয়ে থেকে চেলসি, ম্যান সিটি ও টটেনহাম এখন বিদায়ের দ্বারপ্রান্তে। লিভারপুলকে ঘরের মাঠ অ্যানফিল্ডে ঘুরে দাঁড়াতে হবে। নিউক্যাসলকে খেলতে হবে ক্যাম্প ন্যুতে। একমাত্র আর্সেনাল ঘরের মাঠে ফিরতি লেগে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে।


