ন্যাশভিল এসসির বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি। সেই ধারাবাহিকতা এবার আর রইল না। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে ন্যাশভিলের মাঠে গোল তো দূরে, একটি অ্যাসিস্টও করতে পারলেন না আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচটি শেষ হলো গোলশূন্য ড্রতে।
মেসিকে আটকালেন গোলরক্ষক
৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এসে শট নিয়েছিলেন মেসি। কিন্তু ন্যাশভিলের গোলরক্ষক ব্রুয়ান শোয়াক দুর্দান্তভাবে সেটা ঠেকে দেন। এটাই ছিল মেসির একমাত্র অন টার্গেট শট। গত ২৯ নভেম্বরের পর এই প্রথম তার অন টার্গেট শট ছিল মাত্র একটি।

পজেশনে মায়ামি, সুযোগে ন্যাশভিল
মায়ামি ৫৯ শতাংশ বল দখলে রাখলেও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক ন্যাশভিল। তারা ১১টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছে। ৬৫তম মিনিটে সেরা সুযোগটিও পেয়েছিল তারাই। কর্নার থেকে বক্সে হেড নেন রিড বেকার-হোয়াইটিং, কিন্তু বল চলে গেল ক্রসবারের ওপর দিয়ে।
ছয় ম্যাচের রেকর্ড থামল হঠাৎ
২০২৪ সালের এপ্রিল থেকে ন্যাশভিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে মেসির পারফরম্যান্স ছিল অসাধারণ, ১২ গোল ও ৫ অ্যাসিস্ট। সেই ধারা এবার হঠাৎ থামল। চার ম্যাচের মধ্যে দ্বিতীয়বার স্কোরশিটে নাম নেই তার।
এই গোলশূন্য ড্রর পর কোয়ার্টার ফাইনালের টিকিট নির্ধারণ হবে দ্বিতীয় লেগে। সেই ম্যাচে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ঘরের মাঠে ন্যাশভিলকে আতিথ্য দেবে মায়ামি। মেসি কি সেদিন জবাব দেবেন?


