মেসিকে বছরে দেওয়া হয় ৭-৮ কোটি ডলার

মেজর লিগ সকারে মেসির আগমন শুধু মাঠের খেলাই বদলে দেয়নি, বদলে দিয়েছে ক্লাবের আর্থিক চেহারাও। আর এই অবদানের বিনিময়ে মেসিকে কতটা দেওয়া হচ্ছে, সেই হিসাব এবার প্রকাশ্যে এলো। ইন্টার মায়ামির সহমালিক জর্জে মাস নিজেই জানালেন, আর্জেন্টাইন এই কিংবদন্তিকে বছরে ৭ থেকে ৮ কোটি ডলার পরিশোধ করা হয়।

মালিকের ভাষায় ‘প্রতিটি পয়সার যোগ্য’

ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জে মাস বললেন, বিশ্বমানের খেলোয়াড়দের জন্য বিশ্বমানের স্পনসর দরকার। মেসিকে বছরে যে পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, তিনি তার প্রতিটি পয়সার যোগ্য বলে মনে করেন মাস। এই অর্থের মধ্যে ক্লাবের মালিকানায় মেসির শেয়ারও অন্তর্ভুক্ত।

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, মেসির মূল বেতন ১ কোটি ২০ লাখ ডলার। তবে নিশ্চিত পারিশ্রমিক ও ক্ষতিপূরণ মিলিয়ে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ২ কোটি ৪৪ লাখ ডলারে। এর বাইরে অ্যাডিডাস ও অ্যাপালের সঙ্গে চুক্তি থেকে আলাদা আয়ও করেন তিনি।

মেসিকে বছরে দেওয়া হয় ৭-৮ কোটি ডলার

ক্লাবের মূল্য এখন ১৪৫ কোটি ডলার

স্পোর্তিকোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামি এখন এমএলএসের সবচেয়ে দামী ক্লাব। দলটির মোট মূল্য দাঁড়িয়েছে ১৪৫ কোটি ডলারে। মেসির সঙ্গে চুক্তির পর থেকে প্রতি বছর গড়ে ২২ শতাংশ হারে বাড়ছে এই মূল্যায়ন।

ক্লাবের বিজনেস অপারেশন্সের প্রেসিডেন্ট জাভিয়ের আসেনসি বলেন, মেসির প্রভাব আর্থিক ও মাঠ—দুই দিক থেকেই রাত আর দিনের পার্থক্যের মতো।

মেসি আসার পর যা পেল মায়ামি

২০২৩ সালের গ্রীষ্মে মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের সাফল্যের তালিকা দীর্ঘ হয়েছে। লিগস কাপ জয়, সাপোর্টার্স শিল্ড, এমএলএস কাপ, রেকর্ড পয়েন্ট সংগ্রহ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল এবং ক্লাব ওয়ার্ল্ড কাপে জায়গা—সবই এসেছে মেসির আগমনের পরে।

আসেনসির মতে, মাঠে মেসির উপস্থিতি এবং তাকে ঘিরে তৈরি হওয়া পরিবেশ পুরো দলকে আরও ভালো পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করছে।

নতুন স্টেডিয়ামের পথেও মেসির ছায়া

এই সপ্তাহে ব্রাজিলিয়ান আর্থিক কোম্পানি ন্যু-র সঙ্গে স্পনসরশিপ চুক্তি করেছে মায়ামি। বিনিময়ে নির্মাণাধীন নতুন স্টেডিয়ামের নামকরণের স্বত্ব পাচ্ছে তারা। ২৬ হাজার ৭০০ আসনের ন্যু স্টেডিয়ামে প্রথম ম্যাচ হওয়ার কথা আগামী ৪ এপ্রিল। মেসি ২০২৮ মৌসুম পর্যন্ত ক্লাবে থাকার চুক্তি নবায়ন করেছেন—তাই নতুন মাঠেও তাকে দেখা যাবে নিশ্চিতভাবেই।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top