‘আজকে আমরা একদমই ছন্দে ছিলাম না’, হারের পর হতাশায় ডুবলেন স্যান্টনার

ফাইনাল খেলার আগে বুক চিতিয়ে বলেছিলেন গ্যালারি চুপ করিয়ে দেবেন। ট্রফি জিততে কিছু হৃদয় ভাঙতে আপত্তি নেই বলেও জানিয়েছিলেন। কিন্তু বাস্তবটা হলো ঠিক উল্টো—৯৬ রানের বিশাল হারের পর সংবাদ সম্মেলনে মিচেল স্যান্টনারের কণ্ঠে ছিল শুধুই হতাশা আর আত্মসমালোচনা।

ব্যাটিংয়ে ভারতের ক্লাস মেনে নিলেন স্যান্টনার

ফাইনালে ভারতের ব্যাটিং ছিল অপ্রতিরোধ্য। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপেনিং জুটিতে মাত্র ৭ ওভারে ৯৮ রান—এই শুরুটাই ম্যাচের গল্প লিখে দিয়েছিল। পরে ইশান কিশানের ২৫ বলে ৫৪ এবং শেষদিকে শিবম দুবের ৮ বলে ২৬ রানের ক্যামিও মিলিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রানে।

এই ব্যাটিং ঝড়ের প্রশংসা না করে পারলেন না স্যান্টনার। তিনি বললেন, যেভাবে দুই ওপেনার পাওয়ার প্লে কাজে লাগাল, সেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার দলের সেমিফাইনার পারফরম্যান্সের কথাই মনে করিয়ে দেয়। এই গতিতে শুরু হলে থামানো সত্যিই কঠিন।

ফিলিপসকে বোলিংয়ে না আনার সিদ্ধান্ত নিয়েও ব্যাখ্যা দিলেন তিনি। তার মতে, যখন উইকেট তুলতে পারছেন না, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।

'আজকে আমরা একদমই ছন্দে ছিলাম না', হারের পর হতাশায় ডুবলেন স্যান্টনার

ফাইনালে নিজেদের ব্যর্থতা স্বীকার

২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন মাত্র ৯ রানে ফিরে যান। টিম সেইফার্ট একা লড়াই করে ২৬ বলে ৫২ রান করলেও বাকিরা পুরোপুরি ব্যর্থ। শেষদিকে অধিনায়ক স্যান্টনার নিজে ৩৫ বলে ৪৩ রান করলেও দলকে বাঁচানো সম্ভব হয়নি। ১৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

সংবাদ সম্মেলনে স্যান্টনার বললেন, আজকে তারা নিজেদের হতাশ করেছেন। ভালো দলের বিপক্ষে বড় মঞ্চে নিজেদের দুর্বলতা উন্মোচিত হয়ে গেছে। ব্যাটে-বলে কিছু বিষয় নিয়ে ভাবনার আছে। ফ্ল্যাট উইকেটে কীভাবে আরও কার্যকরভাবে খেলা যায়, সেটা নিয়ে সামনে কাজ করতে হবে।

আবারও ফাইনালে হার

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ভারতের কাছেই হেরেছিল নিউজিল্যান্ড। এবারও একই প্রতিপক্ষ, একই মাটি, একই পরিণতি। বড় মঞ্চে বারবার হারের এই বেদনা স্যান্টনারের কণ্ঠে স্পষ্ট ছিল।

তিনি বললেন, ফাইনাল হারা কিংবা সিরিজ হারা—কোনোটাই ভালো নয়। তবে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে ফাইনাল খেলা সবসময়ই অনেক বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে তারা আন্ডারডগই ছিলেন।

শেষে দেশের সমর্থকদের ধন্যবাদ দিলেন স্যান্টনার। খালি হাতে ফিরতে হচ্ছে বলে দুঃখ প্রকাশ করলেন। তবে সামনের দিনগুলোয় আরও ভালো করার প্রতিশ্রুতিও রইল তার কণ্ঠে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top