শিগগিরই ভারত ছাড়ছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আগেই, কিন্তু দেশে ফেরার পথ ছিল বন্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে কলকাতায় আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হলো। আগামী মঙ্গলবার ভোরে চার্টার্ড ফ্লাইটে ভারত ছাড়বে দুই দল।

কেন আটকে ছিল দুই দল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যে সংকট তৈরি হয়, তার প্রভাব পড়ে আন্তর্জাতিক আকাশপথেও। এই অনিশ্চয়তায় ৮ মার্চ ভারত ছাড়ার কথা থাকলেও সম্ভব হয়নি। জিম্বাবুয়ে ও ইংল্যান্ড এর আগেই ফিরে গেলেও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা কলকাতায় অপেক্ষায় ছিল।

গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের জন্য চার্টার্ড ফ্লাইটের খবর এলেও শেষ পর্যন্ত তা হয়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) জানিয়েছিল, আইসিসি কর্মকর্তা, দলীয় ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তিন দিন পর অবশেষে সুখবর এলো।

শিগগিরই ভারত ছাড়ছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা

মঙ্গলবার কলকাতা থেকে রওনা

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার ভোরে কলকাতা থেকে একটি চার্টার্ড ফ্লাইটে জোহানেসবার্গের উদ্দেশে রওনা দেবে দুই দল। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল আলাদা ফ্লাইটে অ্যান্টিগায় ফিরবে।

সুপার এইটে ভারতের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকেই কলকাতায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ৪ মার্চ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে দক্ষিণ আফ্রিকাও একই শহরে অপেক্ষায় ছিল।

ক্ষোভ উগরে দিয়েছিলেন ক্রিকেটাররা

এই দীর্ঘ আটকে থাকা নিয়ে ক্ষোভ চাপা রাখেননি অনেকেই। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি সামাজিক মাধ্যম এক্সে হতাশা প্রকাশ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ডেভিড মিলারসহ বেশ কয়েকজন ক্রিকেটারও ইনস্টাগ্রামে ক্ষোভ জানিয়েছিলেন।

দীর্ঘ প্রতীক্ষা আর উদ্বেগের পর অবশেষে ঘরে ফেরার নিশ্চয়তা পেয়ে স্বস্তিতে রয়েছেন দুই দলের ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকার কেউ কেউ গেলেন আগেই

তবে দক্ষিণ আফ্রিকার পুরো দল মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করেনি। কেশব মহারাজ, জেসন স্মিথ, জর্জ লিন্ডে এবং পুরো ম্যানেজমেন্ট স্টাফ আজই ভারত ছেড়েছেন। তারা সরাসরি নিউজিল্যান্ডে রওনা দিয়েছেন, যেখানে ১৫ মার্চ থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top