টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার, অথচ বিশ্বকাপে দলের জন্য তেমন কিছুই করতে পারেননি। ফাইনালের আগের দিন সেই অভিষেক শর্মাকেই একাদশের বাইরে রাখার দাবি তুললেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। শুধু তাই নয়, রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকেও ফাইনালে না খেলানোর পরামর্শ দিলেন তিনি। শিরোপার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গাভাস্কারের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
অভিষেককে কেন বাদ দিতে চান গাভাস্কার
পুরো টুর্নামেন্টে ৬ ইনিংসে মাত্র ৮৯ রান করেছেন অভিষেক শর্মা। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একটি হাফসেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই। বাকি ইনিংসগুলোতে বারবার একই দুর্বলতায় আউট হয়েছেন তিনি।
গাভাস্কার বললেন, অভিষেকের সমস্যাটা কৌশলগত। হাতের মাঝে রুম তৈরি করে খেলতে গিয়ে বারবার একই ভুল করছেন তিনি। বিপক্ষ বোলাররাও সেই দুর্বলতা চিহ্নিত করে ফেলেছে এবং সেখানেই তাকে বারবার ফাঁদে ফেলছে। গাভাস্কারের উদ্বেগ, অভিষেক হয়তো এখনো এই সমস্যার সঙ্গে মানিয়ে উঠতে পারেননি, অথবা নিজের খেলার ধরন পরিবর্তন করতে সক্ষম হচ্ছেন না।
অভিষেক বাদ পড়লে সঞ্জু স্যামসনের সঙ্গে ইষাণ কিশানকে ওপেনিংয়ে দেখতে চান গাভাস্কার। পাশাপাশি লোয়ার অর্ডার শক্তিশালী করতে রিংকু সিংকেও দলে আনার ইঙ্গিত দিলেন তিনি। রিংকুর মানসিক দৃঢ়তার কথা উল্লেখ করে গাভাস্কার বললেন, কিছু ক্রিকেটারের ভেতরে এক ধরনের বিশেষ বিশ্বাস থাকে, যা বড় মুহূর্তে কাজে আসে।

বরুণকে সরিয়ে কুলদীপকে চান গাভাস্কার
শুধু অভিষেক নন, রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়েও সন্দিহান গাভাস্কার। টুর্নামেন্টের শুরুতে এক্স-ফ্যাক্টর হিসেবে বিবেচিত হলেও সুপার এইটে শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে রান খরচ করেছেন বরুণ। গাভাস্কারের চোখে তার আত্মবিশ্বাসেও ফাটল ধরেছে।
বরুণের জায়গায় কুলদীপ যাদবকে ফাইনালে দেখতে চান গাভাস্কার। তার যুক্তি স্পষ্ট—নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বড় মাঠে বড় বাউন্ডারিতে কুলদীপ অনেক বেশি কার্যকর হতে পারেন। ফ্ল্যাট উইকেটেও বল টার্ন করানোর ক্ষমতা কুলদীপকে এই পরিস্থিতিতে আদর্শ পছন্দ করে তোলে বলে মনে করেন গাভাস্কার।
সিদ্ধান্ত এখন সূর্যকুমারের হাতে
দুই কিংবদন্তির পরামর্শ এক দিকে, আর শেষ সিদ্ধান্ত নেওয়ার ভার সূর্যকুমার যাদব ও টিম ম্যানেজমেন্টের ওপর। অভিষেক ও বরুণকে রাখা হবে নাকি পরিবর্তন আনা হবে, সেই রহস্য উন্মোচিত হবে আজ সন্ধ্যায় টস হওয়ার মুহূর্তে।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ফাইনাল।


