একদিন আগেই ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

রমজানের ভোররাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন শাহিন শাহ আফ্রিদিরা। বিমানবন্দরেই সেরে নিলেন সেহরি, তারপর সরাসরি টিম হোটেল। ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ৯ মার্চ আসার কথা থাকলেও একদিন আগেই ঢাকায় পা রাখল পাকিস্তান ক্রিকেট দল।

ফুলেল অভ্যর্থনায় বিসিবির স্বাগত

বিমানবন্দরে পাকিস্তান দলকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফেসবুকে দলের একটি ছবি প্রকাশ করে বিসিবি লেখে, বাংলাদেশে স্বাগতম, ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছেছে।

আগমনটা একটু আগেভাগে হওয়ায় প্রস্তুতির সময়ও পাবে তারা কিছুটা বেশি।

একদিন আগেই ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

অনিশ্চয়তা কাটল, সিরিজ নিশ্চিত

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনায় আকাশপথে চলাচল বিঘ্নিত হচ্ছিল। তবে পাকিস্তান দল নির্বিঘ্নে ঢাকায় পৌঁছানোয় সেই সংশয় এখন সম্পূর্ণ কেটে গেছে।

তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। সিরিজ শেষে ১৬ মার্চ দেশে ফিরবে পাকিস্তান দল।

বাবর নেই, ছয় নতুন মুখ

এবারের সফরে সবচেয়ে বড় চমক—সাবেক অধিনায়ক বাবর আজমের অনুপস্থিতি। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন তিনি। ওয়ানডেতে তার সাম্প্রতিক পারফরম্যান্স মন্দ ছিল না, তবু ভবিষ্যতের কথা ভেবেই তাকে এই সফরে রাখা হয়নি বলে মনে করা হচ্ছে।

১৫ সদস্যের দলে ছয়জন ক্রিকেটার অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তারা হলেন আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেন। এর মধ্যে চারজন সম্প্রতি আবু ধাবিতে পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে মাঠে ছিলেন।

দলের নেতৃত্বে রয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান স্কোয়াড

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাইসাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হুসেন।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top