ভারতের তৃতীয় না নিউজিল্যান্ডের প্রথম, আহমেদাবাদে আজ রাতেই মিলবে উত্তর

দেড় বছর আগে এই মাঠেই স্বপ্ন ভেঙেছিল ভারতের। অস্ট্রেলিয়ার কাছে সেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের বেদনা এখনও তাজা। আজ আবার সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নামছে ভারত। এবার ভিন্ন সংস্করণে, ভিন্ন প্রতিপক্ষ—নিউজিল্যান্ড। তবে ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক লড়াই। আর সেই লড়াইয়ে দুই অধিনায়ক কেউ কাউকে এক ইঞ্চিও ছাড় দিতে রাজি নন।

কামিন্সের পুরোনো কৌশলে স্যান্টনার

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলন শেষ করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের মোবাইলে আহমেদাবাদের উইকেটের ছবি তুলে রাখলেন মিচেল স্যান্টনার। হুবহু একই কাজ করেছিলেন দেড় বছর আগে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। সেবার সেই মানসিক চাপের খেলায় এগিয়ে ছিলেন কামিন্স, জিতেছিলেন ট্রফিও।

এবার স্যান্টনারও সেই পুরোনো পথেই হাঁটলেন। সংবাদ সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ফেভারিট না হওয়াটা তার দলকে একটুও বিচলিত করছে না। দলগতভাবে ভালো খেলতে পারলে এবং ছোট ছোট বিষয়গুলো ঠিকঠাক সামলাতে পারলে ট্রফি জেতা অসম্ভব নয় বলে মনে করেন তিনি।

ভারতের তৃতীয় না নিউজিল্যান্ডের প্রথম, আহমেদাবাদে আজ রাতেই মিলবে উত্তর

সূর্যকুমারের পাল্টা খোঁচা

স্যান্টনারের কথা শুনে চুপ থাকেননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কামিন্সও এই মাঠে একই ধরনের কথা বলেছিলেন—গ্যালারি চুপ করিয়ে দেওয়ার কথা। সেই প্রসঙ্গ টেনে সূর্যকুমার মৃদু হাসিতে বললেন, সবাই এখন একই লাইনে কথা বলছে। নতুন কিছু বলুন না!

তবে সবচেয়ে মজার মুহূর্ত এলো যখন স্যান্টনার উইকেট প্রসঙ্গে নিজেদের লক্ষ্যের কথা বললেন। কিউই অধিনায়কের বক্তব্য ছিল, ব্যাটারবান্ধব উইকেটে ভারতকে ২৫০-এর জায়গায় ২২০ রানে আটকে রাখতে পারলেই জয়ের সুযোগ থাকবে। এই কথা শুনে সূর্যকুমার হিন্দিতে বললেন—ঝুট বল রাহা হ্যায়, অর্থাৎ সে মিথ্যা বলছে।

উইকেট কেমন হবে, কত রানের লড়াই

দুই অধিনায়কের কথার লড়াই চললেও উইকেটের ব্যাপারে তাদের মতামত প্রায় একই। দুজনেই মনে করছেন, আজকের পিচ ব্যাটারদের জন্য সহায়ক হবে এবং রান উঠবে প্রচুর। গত ফেব্রুয়ারিতে এই মাঠেই কানাডার বিপক্ষে ৫ উইকেটে ২১৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।

সূর্যকুমার জানালেন, আগে ব্যাট করলে আড়াই শ রান করাটাই লক্ষ্য থাকবে। তবে উইকেট যেভাবে খেলবে, সেভাবেই মানিয়ে নিতে হবে। ড্রেসিং রুমে বসে আগেভাগে রানের সীমা ঠিক করা তার দলের অভ্যাস নয়।

দুই দলের সামনে দুই ইতিহাস

আজকের ফাইনালে জিতলে ভারত পাবে তাদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এবং টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব। আর নিউজিল্যান্ড জিতলে এই প্রথমবার কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে নিয়ে যাবে কিউইরা।

কথার লড়াই শেষ। আজ সন্ধ্যায় সব ফয়সালা হবে মাঠে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top