দেশে না থাকলেও বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের নাম বরাবরই আলোচনার কেন্দ্রে। জাতীয় দলে তার ফেরা নিয়ে গুঞ্জন চলছে বেশ জোরেশোরে।
ক্রীড়া প্রতিমন্ত্রী, বিসিবির উর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি সতীর্থ ক্রিকেটাররাও সাকিবকে ফেরানোর বিষয়ে কথা বলছেন। এরই মধ্যে সাকিব নিজেই জানিয়ে দিলেন তার পরিকল্পনার কথা।
পাকিস্তান সিরিজে নেই, তবে নিউজিল্যান্ড সিরিজে ফেরার আশা
আসন্ন পাকিস্তান সিরিজেই সাকিবকে ফেরানো হবে কিনা তা নিয়ে গুঞ্জন উঠলেও সেই সম্ভাবনা আপাতত নেই। বিসিবি ইতিমধ্যে পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেছে এবং সেখানে রাখা হয়নি সাকিবকে। মামলার বিষয়ে কোনো অগ্রগতি না থাকায় দেশে ফিরতে পারেননি তিনি।
তবে আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরার আশা করছেন সাকিব। ঢাকা পোস্টকে এক খুদে বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি নিজে। ফিটনেস ধরে রাখতে কঠোর অনুশীলনও চালিয়ে যাচ্ছেন।

মিরাজ থেকে শান্ত, সবাই চাইছেন সাকিবকে
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কদিন আগেই বলেছিলেন, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে অধিনায়কের কাজটা অনেক সহজ হয়ে যায়। সতীর্থ ক্রিকেটারদের এই মনোভাব স্পষ্ট করছে, দলে সাকিবের প্রয়োজনীয়তা এখনও অনুভব করছেন সবাই।
বিসিবি ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে
গত ৪ মার্চ কক্সবাজারে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের আইনগত জটিলতা সমাধানে মন্ত্রণালয় ও বিসিবির লিগ্যাল টিম একসঙ্গে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যেই সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে।
মামলার জটিলতায় দেশে ফেরা আটকে আছে
২০২৪ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়তে হয় তাকে।
একাধিক মামলা থাকায় দেশেও ফিরতে পারেননি। একবার দুবাই পর্যন্ত এসেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে। তবে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে সাকিবের প্রত্যাবর্তনের আশা এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো।


