দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিষয়ে দেশটির রাজনীতিকরা নিজেদের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ বিষয়ে সরাসরি সমর্থনের কথা না বললেও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর বিষয়টি সামনে এনেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ। তাই দেশটির রাজনীতিকরা নিজেদের সুবিধাজনক বা কাঙ্ক্ষিত রাজনৈতিক অবস্থান গ্রহণ করবেন।
ওই কর্মকর্তা আরও বলেন, একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণে সহায়ক। একই সঙ্গে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বলেও জানান তিনি।

তবে দুই দেশের কূটনৈতিক আলোচনা কিংবা গোপন বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি হোয়াইট হাউসের ওই কর্মকর্তা।
আন্তর্জাতিক আইনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যেই বসতি সম্প্রসারণের প্রশ্নে হোয়াইট হাউসের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।


