প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের সঙ্গে জড়িত ফুটবলটি যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনে ২৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৪১ কোটি ৮৩ লাখ টাকারও বেশি।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচে ব্যবহৃত হয়েছিল অ্যাডিডাস অ্যাজটেকা বলটি। সেই ম্যাচেই ম্যারাডোনা বিতর্কিতভাবে হাত দিয়ে বল জালে পাঠিয়ে গোল করেন। পরে ওই গোলের ব্যাখ্যায় তিনি বলেছিলেন, গোলটি হয়েছিল কিছুটা তাঁর মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে।

শুধু ‘হ্যান্ড অব গড’ গোলই নয়, একই বল দিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যারাডোনা মাঝমাঠ থেকে দৌড়ে ইংল্যান্ডের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক পিটার শিল্টনকে পরাস্ত করেন। গোলটি পরবর্তীতে শতাব্দীর সেরা গোল হিসেবে ব্যাপকভাবে পরিচিতি পায়।

প্রায় ৪২ কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

নিলামকারী সংস্থার তথ্য অনুযায়ী, ফুটবলটির বিক্রয়মূল্য প্রত্যাশার চেয়ে ৫ লাখ পাউন্ড কম হয়েছে। ম্যাচটির রেফারি আলী বিন নাসের প্রায় তিন দশক বলটি নিজের কাছে রেখেছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলটি সংগ্রহ করেন। ২০২৩ সালে স্বাক্ষর করা এক চিঠিতে বিন নাসের নিশ্চিত করেন, ওই ম্যাচে খেলা হয়েছিল শুধু এই বল দিয়েই।

এর আগে ২০২২ সালে ১৭ লাখ ৪০ হাজার পাউন্ডে বলটি বিক্রি করেছিলেন বিন নাসের। পরের বছর নতুন মালিক সেটি নিলামে তুললেও নির্ধারিত সর্বনিম্ন মূল্য না ওঠায় বিক্রি হয়নি।

ম্যারাডোনার সঙ্গে জড়িত ওই ম্যাচের আরেকটি স্মারকও এর আগে বড় অঙ্কে বিক্রি হয়েছে। ২০২২ সালের এক নিলামে ম্যাচটিতে ম্যারাডোনার পরা জার্সি বিক্রি হয়েছিল ৭১ লাখ পাউন্ডে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top