কলম্বো টেস্টের প্রথম দিন মাঠের বিতর্কিত ঘটনায় শাস্তির মুখে পড়েছেন ভারতের ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো। আচরণবিধি ভঙ্গের দায়ে দুজনকেই ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি প্রত্যেকের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৭তম ওভারে। ওই ওভারে ফার্নান্ডোর বলে আউট হন জয়সওয়াল। এরপর প্যাভিলিয়নে ফেরার পথে লঙ্কান পেসারের বলা একটি কথায় ক্ষুব্ধ হয়ে তার দিকে এগিয়ে যান ভারতীয় ব্যাটার। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং তারা মাথা দিয়ে মাথায় ধাক্কা দেন।
এই আচরণের কারণে প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের জন্য আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগে দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে গত ২৪ মাসে জয়সওয়াল ও ফার্নান্ডোর কেউই কোনো অপরাধে জড়াননি।
ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন দুই ক্রিকেটার। তারা নিজেদের অপরাধ স্বীকার করায় এ ঘটনায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।


