ব্রাজিলের প্রতিনিধি দলের পরামর্শ, ঢাকায় ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষে দেশের ফুটবল অবকাঠামো নিয়ে তাদের মূল্যায়ন জানিয়েছে। জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শনের পাশাপাশি তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন।

সোমবার বাফুফে জানায়, দুই স্টেডিয়ামের মাঠের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ব্রাজিলের প্রতিনিধি দল। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল রুম এবং স্টেডিয়ামে যাতায়াতের পথে নিরাপত্তা গেটের অবকাঠামো আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে তারা মত দিয়েছে। বাফুফের ভাষ্য অনুযায়ী, এসব উন্নয়ন স্বল্প সময়ের মধ্যেই করা সম্ভব বলে মনে করছে প্রতিনিধি দল।

ঢাকা সফর শেষে ব্রাজিলের কর্মকর্তারা দেশে ফিরে গেছেন। তারা তাদের পর্যবেক্ষণ নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনে প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে পরবর্তী যোগাযোগ হবে।

ব্রাজিলের প্রতিনিধি দলের পরামর্শ, ঢাকায় ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা

বাফুফে জানিয়েছে, সামনে দুই ফেডারেশনের মধ্যে আনুষ্ঠানিক সভা হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশকে ব্রাজিলে খেলার আমন্ত্রণ এবং বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যু তৈরির বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে বাফুফের নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন সাংবাদিকদের বলেছিলেন, তাবিথ আউয়ালের সঙ্গে ব্রাজিলের প্রতিনিধি দলের আলোচনা ইতিবাচক হয়েছে। তার ভাষায়, দুই ফেডারেশন এ বিষয়ে সামনে আনুষ্ঠানিকভাবে কাজ করবে।

এদিকে আগামী ৬ অক্টোবর ঢাকায় ব্রাজিলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এমন একটি ম্যাচ আয়োজন করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। এ বিষয়ে শাহীন বলেন, ভালো উদ্যোগ বাস্তবায়নে অর্থ বড় বাধা হওয়ার কথা নয়। প্রয়োজনে সভাপতি তাবিথ আউয়াল উদ্যোগ নেবেন এবং ক্রীড়ামন্ত্রী ও সরকারের সহায়তাও নেওয়া হবে।

বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ আয়োজন করতে হলে সরকারের সহযোগিতা প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন বাফুফের এই নির্বাহী সদস্য।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top