নতুন চুলে হলান্ড, প্রথম ম্যাচে গোলের দেখা পেলেন না

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই নতুন লুকে দেখা গেল ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ডকে। দীর্ঘদিনের লম্বা সোনালি চুল কেটে ছোট করেছেন নরওয়ের এই স্ট্রাইকার। তবে নতুন ছাঁটে মাঠে নামা প্রথম ম্যাচে গোলের দেখা পাননি তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চুলের ছবি প্রকাশ করে হলান্ড লিখেছিলেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’ পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চুল কাটার বিভিন্ন ধাপের আরও একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘ছোট চুল, কে কী বলল, তাতে কী আসে যায়!’

ছবি প্রকাশের কয়েক ঘণ্টা পরই বোর্নমাউথের বিপক্ষে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির উদ্বোধনী ম্যাচের আগে ইতিহাদ স্টেডিয়ামে নতুন লুক নিয়ে ওয়ার্ম-আপে নামেন হলান্ড। দীর্ঘ চুলের কারণে এতদিন যে চেহারার সঙ্গে ভক্তরা অভ্যস্ত ছিলেন, ছোট চুলে তাঁকে দেখে সেটি অনেকটাই বদলে গেছে।

হলান্ডের এই লম্বা চুল রাখার পেছনেও ছিল বিশেষ একটি কারণ। গত জুলাইয়ে ফক্স স্পোর্টসে জেমস কর্ডেনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সুইডেনের সাবেক তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শেই এতদিন চুল বড় রেখেছিলেন।

সেই সাক্ষাৎকারে হলান্ড বলেন, ইব্রাহিমোভিচ তাঁকে বলেছিলেন, ‘কখনো চুল কাটবে না, কারণ আসল শক্তি লুকিয়ে থাকে চুলেই।’

তবে এবার সেই দীর্ঘ চুলের ছাঁট বদলে ফেলেছেন হলান্ড। নতুন লুকে প্রথম ম্যাচে অবশ্য গোল করতে পারেননি ম্যানচেস্টার সিটির এই তারকা।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top