মির্জা ফখরুলকে অভিনন্দন অলি আহমদের, বললেন ‘গণতন্ত্র এখন নিয়ন্ত্রিত’

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, দেশের গণতন্ত্র এখন নিয়ন্ত্রিত এবং প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত ছিল।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অলি আহমদ বলেন, সংসদ সদস্যরা নিজেদের ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ পান না। দলের নির্দেশনা অনুযায়ী ভোট দিতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ ভবনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ৩৫০ আসনের সংসদে বর্তমানে সদস্য রয়েছেন ৩৪৯ জন। তাঁদের মধ্যে ৩৪৩ জন নির্বাচনে ভোট দিয়েছেন।

অলি আহমদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তাঁর সদস্যপদ হারানোর ঝুঁকি রয়েছে। তাঁর দাবি, বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফার আলোকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের কথা বলেছিল।

প্রেসিডেন্ট নির্বাচন দ্রুত আয়োজনের কারণ নিয়েও প্রশ্ন তোলেন এলডিপি সভাপতি। তাঁর মতে, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও বিএনপি কেন তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করেছে, তা তাঁর জানা নেই। তিনি ধারণা প্রকাশ করেন, সংবিধান সংশোধনের আগে নির্বাচন হলে নিজেদের প্রার্থী জয়ী হওয়ার সুযোগ বেশি থাকবে বলে বিএনপি মনে করে থাকতে পারে।

নিজের নির্বাচনী ফলাফল প্রসঙ্গে অলি আহমদ বলেন, বিভিন্ন সংস্থার জরিপে ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ তাঁর পক্ষে এবং ২৮ থেকে ৩০ শতাংশ মানুষ মির্জা ফখরুলের পক্ষে ছিলেন। তাঁর দাবি, এসব জরিপের মাধ্যমে জনগণের মতামত স্পষ্ট হয়েছে।

প্রেসিডেন্টের ক্ষমতা নিয়েও মন্তব্য করেন তিনি। অলি আহমদের ভাষ্য, বঙ্গভবনে থাকা তিনটি মাজার জিয়ারত ও একটি মসজিদে নামাজ পড়া ছাড়া প্রেসিডেন্টের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই। তবে ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য অনেক তরুণ জীবন দিয়েছেন। দেশের সব ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে পরাজিত হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও ধন্যবাদ জানান অলি আহমদ। তিনি বলেন, দীর্ঘদিন তাঁরা একসঙ্গে কাজ করেছেন। নতুন প্রেসিডেন্ট জনগণের দুর্ভোগ কমানোর পাশাপাশি সুশাসন ও সুবিচার নিশ্চিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top