ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের পরিবারে এখন পাঁচ সন্তান। তবে এখানেই পরিবার বড় করার পরিকল্পনা শেষ হয়ে যাচ্ছে না—সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন এই দম্পতি। রোনালদো জানিয়েছেন, তিনি কখনো বলেননি যে আর সন্তান নেবেন না।
গত ১১ আগস্ট দীর্ঘদিনের সঙ্গী জর্জিনাকে বিয়ে করেন রোনালদো। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হওয়া সেই অনুষ্ঠানে তাদের পাঁচ সন্তানও ছিল। বিয়ের পর ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে কথা বলেন তারা।
জর্জিনা জানান, সন্তানদেরই বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেছেন তারা। তার ভাষায়, সন্তানরা জানে তাদের বাবা-মায়ের সময় মূলত তাদের জন্যই। নিজেদের বেড়ে ওঠার পারিবারিক পরিবেশের কথাও উল্লেখ করে তিনি বলেন, সন্তানদের মাধ্যমে তারা ‘কিছুই না থাকা ও সবকিছু থাকার মূল্য’ বোঝাতে চেয়েছেন।
রোনালদো-জর্জিনার পাঁচ সন্তানের মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা এবং বেল্লা এসমারালদা। ক্রিশ্চিয়ানো জুনিয়রের জৈবিক মায়ের পরিচয় রোনালদো প্রকাশ করেননি। ইভা ও মাতেও ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয়। আর জর্জিনার সঙ্গে রোনালদোর দুই সন্তান হলেন আলানা ও বেল্লা।
২০২২ সালের এপ্রিলে সন্তান হারানোর বেদনাও সইতে হয়েছে এই দম্পতিকে। বেল্লার সঙ্গে জন্ম নেওয়া তাদের ছেলে অ্যাঞ্জেল জন্মের সময় মারা যায়।
ভবিষ্যতে আরও সন্তান নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, তিনি কখনোই বলেননি যে আর সন্তান নেবেন না। জর্জিনা অবশ্য বিষয়টি নিয়ে কিছুটা সময়ের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, এখন আরেকটি সন্তান এলে বাড়িতে ভিড় আরও বাড়বে। তবে ছোট সন্তানটির বয়স ১৫ বা ১৬ বছর হলে তখনও তারা তরুণ থাকবেন বলে মনে করেন তিনি। একই সঙ্গে ছোট শিশু ছাড়া নিজেকে কল্পনা করতে পারেন না বলেও জানান জর্জিনা।
সাক্ষাৎকারে নিজের ফুটবল ক্যারিয়ার নিয়েও বড় ইঙ্গিত দিয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। আল নাসরের এই ফরোয়ার্ড বলেছেন, সম্ভবত ২০২৬ সালই তার ক্যারিয়ারের শেষ বছর হতে পারে। তবে ক্যারিয়ার শেষ করার আগে অসাধারণ একটি কীর্তি রেখে যেতে চান বলেও জানিয়েছেন তিনি।


