এমএলএসে ইন্টার মায়ামির দুর্দশা কাটছেই না। শনিবার ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে মায়ামি। ম্যাচে লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন, যা টানা তিন ম্যাচে তার তৃতীয় পেনাল্টি মিস।
ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ডি নাজারের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। মায়ামি সমতায় ফেরার সুযোগ পায় ২৩ মিনিটে। তবে মেসির নেওয়া পেনাল্টি ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক। ফিরতি বল থেকে সার্জিও রেগিলন গোল করলেও ভিএআরের পর সেটি বাতিল হয়।
প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য মেসির তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে মায়ামি। তার দুর্দান্ত পাস পাওয়ার পর তেলাসকো সেগোভিয়া দারুণ ফুটওয়ার্কে বল জালে পাঠান।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ন্যাশভিল। ৫১ মিনিটে হানি মুখতার গোল করে স্বাগতিকদের আবার এগিয়ে দেন। ছয় মিনিট পর স্যাম সারিজের দুর্দান্ত ব্যাকহিল ফিনিশে ব্যবধান ৩-১ করে ন্যাশভিল।
ম্যাচের শেষ দিকে আরও একবার গোল করেন মুখতার। ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকের লম্বা কিক সামলাতে গিয়ে মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো বক্সের বাইরে পড়ে যান। সেই সুযোগে প্রায় ফাঁকা জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মুখতার।
শেষ মুহূর্তেও মেসির জন্য হতাশা অপেক্ষা করছিল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে একই আক্রমণে তার শট পোস্টের দুই পাশেই লেগে ফিরে আসে। পরে জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি গোল হিসেবে গণ্য হয়নি।
২০১৪ সালের পর এবারই প্রথম টানা তিনটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন মেসি। বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন তিনি।
বাবার মৃত্যুর এক সপ্তাহ পর এই ম্যাচে মায়ামির হয়ে প্রথমবারের মতো শুরু থেকে খেলেন ৩৯ বছর বয়সী মেসি। তবে তার ব্যক্তিগত হতাশার সঙ্গে দলীয় ব্যর্থতাও যোগ হয়েছে, টানা তিন হারে এখন চাপে পড়েছে ইন্টার মায়ামি।


