ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জনের মধ্যেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ভবিষ্যৎ নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন তার বাবা ও সাবেক ফুটবলার কার্লোস ম্যাক অ্যালিস্টার। তার দাবি, আসন্ন মৌসুমে লিভারপুল ছাড়ার কোনো পরিকল্পনা নেই ২৭ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারের।
গত মৌসুমে লিভারপুলের হয়ে কঠিন সময় পার করেন ম্যাক অ্যালিস্টার। মাঝমাঠে অবস্থান ধরে রাখতে না পারা এবং রক্ষণভাগের সামনে জায়গা ফাঁকা হয়ে যাওয়ায় একাধিক ম্যাচে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে সমস্যায় পড়তে হয় তাকে।
তবে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সেই ছন্দ ফিরে পান তিনি। দলের গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচের একাদশে ছিলেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে তার পারফরম্যান্সও প্রশংসা কুড়ায়।

বিশ্বকাপের পারফরম্যান্সের পরই তাকে নিয়ে আগ্রহ দেখায় ম্যানচেস্টার সিটি। রদ্রির বিকল্প খুঁজতে গিয়ে ম্যাক অ্যালিস্টারকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে সিটি বিবেচনা করছে বলে জানিয়েছিল বিবিসি স্পোর্ট।
তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কার্লোস ম্যাক অ্যালিস্টার। তিনি বলেছেন, “অ্যালেক্সিস লিভারপুলেই থাকবে। এই গ্রীষ্মে তার ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি।”
লিভারপুলের সঙ্গে ম্যাক অ্যালিস্টারের নতুন চুক্তি নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি। এ কারণে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও অন্তত আগামী মৌসুমে অ্যানফিল্ডেই থাকার বিষয়টি তার বাবার বক্তব্যে স্পষ্ট হয়েছে।
নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে ম্যাক অ্যালিস্টারের ভূমিকা নিয়েও আগ্রহ রয়েছে লিভারপুল সমর্থকদের। মাঝমাঠ নিয়ন্ত্রণে তার অভিজ্ঞতা কোচের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে গত মৌসুমের দুর্বলতা কাটিয়ে ধারাবাহিক পারফরম্যান্সে ফেরানোও ইরাওলার অন্যতম চ্যালেঞ্জ হবে।


