হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও অন্যান্য শত্রুভাবাপন্ন দেশের মালিকানাধীন জাহাজ ও সরঞ্জাম চলাচল নিষিদ্ধ করার প্রস্তাব অন্তর্ভুক্ত করে একটি কৌশলগত কর্মপরিকল্পনার সাধারণ কাঠামো অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টের সংশ্লিষ্ট কমিশন।
শুক্রবার (১৪ আগস্ট) তাসনিম নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতিকে কেন্দ্র করে পরিকল্পনাটি তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের পার্লামেন্টের কাউন্সিলবিষয়ক কমিটির মুখপাত্র ভলিউল্লাহ বায়াতি জানান, কমিশনে পরিকল্পনাটি পর্যালোচনার সময় বিভিন্ন মতামত শোনা হয়েছে। এরপর এর সাধারণ কাঠামো অনুমোদন করা হয়।

পরিকল্পনায় থাকা প্রস্তাবগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন দেশের’ মালিকানাধীন জাহাজ ও সরঞ্জামকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি না দেওয়া।
এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে বায়াতি বলেন, এসব দেশ ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালাতে হরমুজ প্রণালি ব্যবহার করেছে এবং ইরানি জনগণের বিরুদ্ধে অন্যায় ও আগ্রাসী কর্মকাণ্ড সংঘটিত করেছে।


