ভারতের বিরুদ্ধে কঠোর বার্তা, পানির প্রতিটি ফোঁটাকে রেড লাইন বললেন শাহবাজ

পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করে ভারতকে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ বা বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়। তবে শান্তির প্রতি তাদের আগ্রহকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, তাদের সামরিক সাফল্যে পুরো জাতির মাথা উঁচু হয়েছে এবং প্রতিপক্ষকে অত্যন্ত লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে।

ভারতের বিরুদ্ধে কঠোর বার্তা, পানির প্রতিটি ফোঁটাকে রেড লাইন বললেন শাহবাজ

অনুষ্ঠানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে স্মৃতিস্তম্ভটির গুরুত্ব তুলে ধরেন তিনি। ‘মারকা-ই-হক’ নামের সামরিক অভিযানে সাফল্যের জন্য ফিল্ড মার্শাল মুনির ও তাঁর দলকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, অনন্য নকশার স্মৃতিস্তম্ভটি মাত্র আট মাসে নির্মাণ করা হয়েছে।

বক্তব্যে কাশ্মীর ও ফিলিস্তিন প্রসঙ্গও তুলে ধরেন শাহবাজ। ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে পাকিস্তানের জোরালো সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি। একই সঙ্গে কাশ্মীরিদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যাবে না বলেও মন্তব্য করেন।

শাহবাজ শরিফ আরও বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তি পরাজিত করতে পারে না। দেশের রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই শত্রুতায় পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top