আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজকে রাখল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের জন্য মোস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে যথাক্রমে এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স।

আগামী ২২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পেশাদার টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএলটি২০র নতুন মৌসুম। এর আগেই অংশগ্রহণকারী দলগুলো ধরে রাখা এবং নতুন করে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে।

গত মৌসুমে বিপিএলের কারণে পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি মোস্তাফিজ। দেশে ফেরার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তার বোলিং গড় ছিল ১৫.৫৩ এবং স্ট্রাইক রেট ১১.৫০। টুর্নামেন্ট শেষে বোলারদের পারফরম্যান্সের তালিকায় সেরা পাঁচেও ছিলেন তিনি।

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজকে রাখল দুবাই, বাদ সাকিব-তাসকিন

মোস্তাফিজকে ধরে রাখার পাশাপাশি দুবাই ক্যাপিটালস ক্যারিবীয় অলরাউন্ডার রভম্যান পাওয়েলকেও রেখে দিয়েছে। নতুন চুক্তিতে দলটিতে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের নুর আহমেদ।

অন্যদিকে গত আসরে সাকিবের পারফরম্যান্স ছিল প্রত্যাশার তুলনায় বেশ ম্লান। এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচে ৫ ইনিংসে ১১৫ রান করেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১২২.৩৪। বল হাতেও ছন্দে ছিলেন না সাকিব, ৮ ম্যাচে পেয়েছেন মাত্র ৩ উইকেট। ফলে নতুন মৌসুমের জন্য তাকে ধরে রাখেনি এমআই এমিরেটস।

তাসকিন আহমেদও শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে থাকছেন না। আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম মৌসুমে ৬ ম্যাচ খেলে ১৫.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। সেই পারফরম্যান্স সত্ত্বেও ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি তার।

শারজাহ ওয়ারিয়র্স এবার শুধু সিকান্দার রাজাকে ধরে রেখেছে। নতুন চুক্তিতে দলে যোগ দিয়েছেন অ্যাডাম মিলনে, জেমস ভিন্স ও ওয়াকার সালামখিল।

এদিকে নতুন মৌসুমে আইএলট২০তে প্রথমবার খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে। গালফ জায়ান্টস তাদের দলে নিয়েছে। আর আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে টুর্নামেন্টে অভিষেক হবে নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের।

আইএল টি-টোয়েন্টির ক্রিকেটার নিলাম হবে আগামী ১ অক্টোবর দুবাইয়ে। নিলামের মাধ্যমে দলগুলো সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড পূর্ণ করতে পারবে। এরপর ওয়াইল্ডকার্ড নিয়মে আরও একজন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ থাকবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top