ইয়েমেনের বন্দরনগরী মোখায় হুথিদের কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন সামরিক সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন।
সরকারের নিয়ন্ত্রণে থাকা মোখা শহরের চিকিৎসা সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক। বেসামরিক হতাহতের সবাই মোখা বন্দরে চালানো হামলায় আহত হয়েছেন।
এর আগে ইয়েমেন সরকারের দুটি সামরিক সূত্র জানিয়েছিল, হামলায় অন্তত আট সেনা নিহত এবং ৪০ জনের বেশি সামরিক সদস্য আহত হয়েছেন। পরে চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী হতাহতের সংখ্যা ভিন্নভাবে উঠে আসে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, এলাকায় অবস্থানরত ‘সৌদি শত্রু’ সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
ইয়েমেন সরকারের দুই সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, মোখা ছাড়াও শহরের বাইরে সরকারপন্থি বাহিনীর কয়েকটি অবস্থান ও স্থাপনা এবং বাব আল-মান্দেব প্রণালির কাছের কয়েকটি দ্বীপে হামলা চালানো হয়। একটি সামরিক সূত্র জানায়, হামলার কয়েকটি লক্ষ্যস্থলে সৌদি সেনারা অবস্থান করছিলেন। তবে সৌদি সামরিক সদস্যদের মধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামলার সময় মোখার বাসিন্দারা একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এক বাসিন্দার ভাষ্য, বন্দর ও শহরের ওপর ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণের শব্দ শোনা যায়। আরেক বাসিন্দা জানিয়েছেন, তিনি বন্দরে পরপর ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।


