ফরাসি ক্লাব মার্সেই থেকে আর্জেন্টাইন গোলরক্ষক হেরোনিমো রুলিকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ১৭ লাখ পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে ৩৪ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।
ইতিহাদ স্টেডিয়ামে রুলির এটি দ্বিতীয় অধ্যায়। ২০১৬-১৭ মৌসুমে ম্যান সিটির সঙ্গে থাকলেও মূল দলের হয়ে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি।
ভিয়ারিয়ালের হয়ে ২০২১ সালের ইউরোপা লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে দারুণ পারফরম্যান্স করেছিলেন রুলি। নিজে পেনাল্টিতে গোল করার পাশাপাশি দাভিদ দে গেয়ার শট ঠেকিয়ে ভিয়ারিয়ালকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন রুলি। ২০২২ বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা ও ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও এসব টুর্নামেন্টে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি।
মার্সেইয়ের আগে রিয়াল সোসিয়েদাদ, মঁপেলিয়ে ও আয়াক্সের মতো ক্লাবেও খেলেছেন রুলি। ম্যান সিটিতে জেমস ট্র্যাফোর্ডের জায়গা পূরণ করে তিনি মূল গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার বিকল্প হিসেবে থাকবেন।


