সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি এবং হত্যা মামলাসহ সব অভিযোগে আদালতের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তার ভয় নেই।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা সাকিব বলেন, তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলতে চান এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশ নেওয়াও তার লক্ষ্য।
২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে তিনি দেশে ফিরতে পারেননি। সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময় আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাষায় ‘বানোয়াট’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করা হলেও কোনো জবাব পাননি।
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের শেষ দিকে নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার উদ্যোগ নিয়েছিলেন। তবে বিমানবন্দরের লাউঞ্জ থেকে যাত্রা নিশ্চিত করার পরও মাঝপথে তাকে ফিরে যেতে বলা হয়।
বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির দুটি মামলা চলমান রয়েছে। হত্যা মামলার অভিযোগ অস্বীকার করে সাকিব বলেন, যেদিন মামলাটি করা হয়, সেদিন তিনি কানাডার টরন্টোতে ম্যাচ খেলছিলেন। পাশাপাশি তিনি জানান, তদন্তের কারণে গত দেড় বছর ধরে তার ব্যাংক হিসাব জব্দ রয়েছে এবং এই সময়ে বাংলাদেশে থাকা বাবা-মায়ের সঙ্গেও দেখা করতে পারেননি।


