ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ২০-এর বেশি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। পুলিশের কঠোর অবস্থানের মধ্যেও কর্মসূচি চললেও পাঞ্জাব প্রদেশে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২০ জনের বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

লাহোরে দলীয় সমর্থকদের বড় সমাবেশে ‘ইমরান খানকে মুক্তি দিন’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে।

বুধবার কারাবন্দি জীবনের তিন বছর পূর্ণ করেন ৭৩ বছর বয়সী ইমরান খান। ২০২৩ সালের ৫ আগস্ট একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে থাকা কয়েকটি মামলায় সাজা স্থগিত বা বাতিল হলেও অন্য মামলাগুলোর বিচার চলমান থাকায় তিনি এখনও মুক্তি পাননি।

এদিকে বিক্ষোভের দিনই আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহের আগে বিদেশি সাংবাদিকদের অনুমতি নিতে হবে। বিদেশি গণমাধ্যমের হয়ে কাজ করা পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top