ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের সম্ভাব্য সেমিফাইনাল লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। ইতিহাস বলছে, বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল—জয়ের হিসাবে এগিয়ে ব্রাজিল, তবে সর্বশেষ সাক্ষাতে জিতেছিল আর্জেন্টিনা।
চলতি বিশ্বকাপে দুই দলই নিজেদের লক্ষ্যপথে এগিয়ে চলায় সেমিফাইনালে তাদের সম্ভাব্য মুখোমুখি হওয়ার আলোচনা আরও জোরালো হয়েছে। সেই সঙ্গে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের আগের লড়াইগুলোর পরিসংখ্যান।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। এর মধ্যে ব্রাজিল জিতেছে দুটি ম্যাচ, আর্জেন্টিনা একটি এবং একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ফলে পরিসংখ্যানে এখনো এগিয়ে রয়েছে সেলেসাওরা।

প্রথম দেখায় জয় ব্রাজিলের
১৯৭৪ সালের বিশ্বকাপে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা হয় দুই দলের। ম্যাচের ৩২ মিনিটে রিভেলিনোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। তিন মিনিট পর মিগুয়েল ব্রিনদিসি সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে জাইরজিনহোর গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।
দ্বিতীয় লড়াইয়ে কোনো দলই এগোতে পারেনি
চার বছর পর ১৯৭৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে একই গ্রুপে পড়ে আর্জেন্টিনা ও ব্রাজিল। ১৮ জুনের সেই ম্যাচে দুই দলের কেউই জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
১৯৮২ সালে ব্রাজিলের দাপট
স্পেনে অনুষ্ঠিত ১৯৮২ বিশ্বকাপে তৃতীয়বারের মতো মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলেই ৩-১ ব্যবধানে জয় তুলে নেয়। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এটি ছিল ব্রাজিলের দ্বিতীয় জয়।
শেষ সাক্ষাতে বদলে যায় ইতিহাস
বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালে ইতালিতে। আগের দুই পরাজয়ের জবাব দিতে মরিয়া আর্জেন্টিনা এবার সফল হয়। ক্লদিও কানিজিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে এটিই এখন পর্যন্ত আর্জেন্টিনার একমাত্র জয়।
চলতি আসরে দুই দলই নিজেদের ছন্দ ধরে রাখতে পারলে বহু প্রতীক্ষিত আরেকটি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ দেখা যেতে পারে। ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা আবার ফিরবে কি না, তার উত্তর মিলবে টুর্নামেন্টের পরবর্তী ধাপেই।


