বাছাইপর্ব খেলেই অলিম্পিকের টিকিটের লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে দীর্ঘ বিরতির পর। তবে বাংলাদেশের নারী ও পুরুষ—দুই দলকেই মূল আসরে জায়গা করে নিতে খেলতে হবে বাছাইপর্ব, আর এশিয়া থেকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে ভারত।

২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

নতুন এই কাঠামো অনুযায়ী বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলতে পারছে না। অলিম্পিকে জায়গা নিশ্চিত করতে হলে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য আইসিসি অলিম্পিকস কোয়ালিফায়ার উতরে আসতে হবে।

এশিয়ার প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে ভারত। একইভাবে নিজ নিজ অঞ্চল থেকে সরাসরি জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং গ্রেট ব্রিটেন। অলিম্পিকে গ্রেট ব্রিটেনের হয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররা একসঙ্গে অংশ নিতে পারেন।

স্বাগতিক হওয়ার সুবাদে যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে পুরুষ ও নারী—দুই বিভাগেই সরাসরি খেলার সুযোগ। তবে সেই সুযোগ নিশ্চিত করতে ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোনো সময়ে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এর মধ্যে থাকতে হবে দলকে। বর্তমানে পুরুষদের র‍্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্র ১৩তম হলেও নারীদের অবস্থান ২০তম।

কীভাবে হবে বাছাই?

ওয়েস্ট ইন্ডিজ অলিম্পিকে একটি দেশ হিসেবে অংশ নিতে পারে না, কারণ তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নয়।

ফলে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অলিম্পিকে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকলে ক্যারিবীয় অঞ্চলের একটি আলাদা বাছাই প্রতিযোগিতা আয়োজন করা হবে। সেখান থেকে একটি দেশ অলিম্পিক বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।

মূল বাছাইপর্বে অংশ নেবে আটটি দল। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই দলগুলো নির্বাচন করা হবে এবং সেখান থেকে মাত্র একটি দল অলিম্পিকের চূড়ান্ত টিকিট নিশ্চিত করবে। ফলে বাংলাদেশের নারী ও পুরুষ—উভয় দলকেই কঠিন এই বাছাইপর্ব পেরোতে হবে।

বাছাইপর্ব খেলেই অলিম্পিকের টিকিটের লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে

অলিম্পিকে হবে ২৮টি ক্রিকেট ম্যাচ

চূড়ান্ত পর্বে অংশ নেবে ছয়টি দল। তাদের দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর অন্য গ্রুপের নির্দিষ্ট অবস্থানে থাকা একটি দলের বিপক্ষে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্ব শেষে হবে ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। নারী ও পুরুষ—দুই বিভাগ মিলিয়ে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মোট ২৮টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top