২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন এখন চাপের মুখে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা বাংলাদেশ এই চক্রে ১৮ ম্যাচে ১২টিই হেরেছে। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে সমতায় থাকার পর তৃতীয় ওয়ানডেটি এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে।
কেন এই সিরিজ এত গুরুত্বপূর্ণ
২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে ১০ দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া বাকি ৮টি স্থান নির্ধারিত হবে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকাকে বাদ দিলে বাংলাদেশের কার্যকর অবস্থান ৯ নম্বর। ঠিক পেছনে ওয়েস্ট ইন্ডিজ সমান ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে। শেষ ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯-এ উঠবে বাংলাদেশ। হারলে থাকতে হবে ১০-এ।

সামনে কঠিন পথ
পাকিস্তান সিরিজের পর আরও পাঁচটি সিরিজ বাকি। এপ্রিলে ঘরে নিউজিল্যান্ড, মে মাসে অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ে ২ ও ৩ নম্বরে থাকা এই দুই দলের বিপক্ষে ঘরের মাঠে জেতাটা বিশ্বকাপ স্বপ্নের জন্য অপরিহার্য।
পরে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ থাকবে। এটিই হবে কাট অফ ডেটের আগে বাংলাদেশের শেষ পরীক্ষা।
ওয়েস্ট ইন্ডিজের সতর্কতা
২০২৩ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে কোয়ালিফাইং রাউন্ডেও বিদায় নিয়েছিল দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। সেই দৃষ্টান্ত সামনে রেখেই বাংলাদেশকে অবশিষ্ট ১৬টি ওয়ানডেতে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।


