টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড দুই দলই সেমিফাইনালে বিদায় নিয়েছে। কিন্তু পুরস্কারের অঙ্কে দুই দলের মধ্যে ব্যবধান ২৯ লাখ টাকা। দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৯ কোটি ২৮ লাখ, ইংল্যান্ড পেয়েছে ৮ কোটি ৯৯ লাখ। কারণটা সহজ, ম্যাচ জয়ের সংখ্যা।
কেন বেশি পেল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা সুপার এইট পর্যন্ত সব ম্যাচ জিতেছিল। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। মোট সাতটি ম্যাচ জয়ের পুরস্কার এবং সেমিফাইনালিস্ট হিসেবে পুরস্কার মিলিয়ে মোট অঙ্ক দাঁড়িয়েছে ৯ কোটি ২৮ লাখ।
ইংল্যান্ড সেমিফাইনাল খেলেছে, কিন্তু গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল। সেই একটি হারের কারণেই পুরস্কারের পার্থক্য হয়ে গেল ২৯ লাখ টাকা।

বিশ্বচ্যাম্পিয়ন ভারতও সর্বোচ্চ পায়নি
ভারত শিরোপা জিতলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। ফলে সম্ভাব্য সর্বোচ্চ আর্থিক পুরস্কার পায়নি তারা। ভারত মোট পেয়েছে ২৪ কোটি ৩৬ লাখ টাকা। রানার্স আপ নিউজিল্যান্ড পেয়েছে ১৩ কোটি ১৩ লাখ।
অন্য দলগুলো কত পেল
প্রতিটি দল ন্যূনতম ২ কোটি ৭ লাখ টাকা পেয়েছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র পেয়েছে ২ কোটি ৮৫ লাখ করে। ওয়েস্ট ইন্ডিজ ৪ কোটি ৯৬ লাখ, পাকিস্তান ৪ কোটি ৮২ লাখ, শ্রীলঙ্কা ৪ কোটি ৪০ লাখ এবং জিম্বাবুয়ে ৪ কোটি ৫৩ লাখ টাকা পেয়েছে।


