প্রথম ওয়ানডের দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে থামল বাংলাদেশ। বৃষ্টি, বিতর্কিত রান আউট আর ব্যাটিং ধসের ঘটনাবহুল ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১২৮ রানে হেরেছে মিরাজের দল। সিরিজে সমতায় ফিরল পাকিস্তান।
পাকিস্তানের রান, বিতর্কের মাঝে
আগে ব্যাট করে পাকিস্তান ২৭৪ রান তোলে। ওপেনার মাজ সাদাকাত প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেললেন। রিজওয়ান ও সালমানের ১০৯ রানের জুটি পাকিস্তানকে বড় স্কোরের পথে নিয়ে যায়।
কিন্তু সেই জুটি ভাঙল বিতর্কিতভাবে। রিজওয়ানের পুশে সিঙেল হবে না ভেবে সালমান বল কুড়িয়ে মিরাজকে দিতে যান, মিরাজ সেই মুহূর্তে নিজে বল নিয়ে স্টাম্প ভাঙেন। ৬২ বলে ৬৪ রান করে ফেরেন সালমান। এরপর রিজওয়ানকেও ফেরান মিরাজ। ২৭৪ রানে অলআউট পাকিস্তান।

বৃষ্টিতে সব বদলে গেল
বাংলাদেশ রান তাড়া শুরু করার পর ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রানে থাকতেই নামল বৃষ্টি। পুনরায় শুরুর পর ৩২ ওভারে লক্ষ্য দাঁড়াল ২৪৩। শুরুতেই তানজিদ ১ রানে ফিরলেন, সাইফ করলেন ১২, শান্ত ফিরলেন শূন্যতে।
লিটন দাস ৩৩ বলে ৪১ রান করে লড়াই জমালেও তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট পড়ল। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করলেন তাওহীদ হৃদয়। শেষ পর্যন্ত ১১৪ রানে থামল বাংলাদেশ।
পাকিস্তানের বোলিং সফল
হারিস রউফ ও মাজ সাদাকাত তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙে দিলেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন তিন উইকেট ও মিরাজ দুই উইকেট নিয়েছেন।
সিরিজ এখন ১-১। তৃতীয় ও শেষ ওয়ানডে রোববার।


