মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হারের পর পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় উঠেছে। সাবেক ক্রিকেটাররা শুধু খেলোয়াড়দের নয়, সরাসরি কোচ মাইক হেসনের দিকেও আঙুল তুলেছেন। একজন দাবি করেছেন হেসনকে বরখাস্ত করতে, আরেকজন বলেছেন এমন ব্যাটিং ক্লাব ক্রিকেটেও দেখা যায় না।
হেসনকে বরখাস্তের দাবি বাসিতের
কামরান আকমালের সঙ্গে ইউটিউব চ্যানেলে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে বাসিত সরাসরি হেসনকে দায়ী করলেন। তার অভিযোগ, হেসন পাওয়ার প্লেতে ৬০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন, যা বাংলাদেশের কন্ডিশনে বাস্তবসম্মত ছিল না।
বাসিত বললেন, হেসন কখনো মাঠে ক্রিকেট খেলেননি। শুধু কাগজ ধরিয়ে দেন। ভারতও বাংলাদেশের মাঠে হেরেছে, এই বাস্তবতা তার জানা থাকার কথা।

কামরানের চোখে আন্তর্জাতিক বনাম ক্লাব দল
পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক কামরান আকমাল আরও কড়া ভাষায় বললেন। তার মতে, মনে হচ্ছিল একটি আন্তর্জাতিক দল আর একটি ক্লাব দল মাঠে নেমেছে। এমন ব্যাটিং ক্লাব ক্রিকেটেও দেখা যায় না।
রিজওয়ানকে নিয়েও হতাশা প্রকাশ করলেন কামরান। বললেন, সিনিয়র খেলোয়াড় হিসেবে সামনে এগিয়ে এসে শট খেলার সচেতনতা তার থাকা উচিত ছিল। বরং দুবার কাট করতে গিয়ে আউট হলেন তিনি।
হেসনের জন্য অগ্নিপরীক্ষা
২০২৫ সালের মে মাস থেকে পাকিস্তানের সাদা বলের কোচ হেসন। তার অধীনে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশে, এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরেছে, বিশ্বকাপে সুপার এইটে বিদায় নিয়েছে। খবরদারির অভিযোগে আলিম দারও পদত্যাগ করেছিলেন।
এই সিরিজটা হেসনের জন্য সত্যিকারের অগ্নিপরীক্ষা। সিরিজ হাতছাড়া হলে পিসিবি তাকে বরখাস্ত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরের দুটি ওয়ানডে আগামীকাল ও রোববার।


