আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সেই জয়ের আনন্দ উদযাপন এখন বিতর্কের কেন্দ্রে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দায়ের হয়েছে বেঙ্গালুরুর শিবাজি নগর থানায়।
কী হয়েছিল মাঠে
বিশ্বকাপ জয়ের পর মাঠে প্রেমিকা ও অভিনেত্রী মাহেইকা শর্মার সঙ্গে উদযাপনে মেতে ওঠেন হার্দিক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকা পিঠে জড়িয়ে নাচছিলেন তিনি। একটি ক্লিপে দেখা গেছে, পুরস্কার বিতরণী মঞ্চে প্রেমিকাকে নিয়ে শুয়ে পড়েন হার্দিক, তখনও পিঠে ছিল জাতীয় পতাকা।

থানায় অভিযোগ
পুনের আইনজীবী ওয়াজিদ খান বিদকার শিবাজি নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, এই কর্মকাণ্ড ১৯৭১ সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনের লঙ্ঘন। তিনি বলেন, জাতীয় পতাকা পুরো জাতির প্রতীক, এর মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
থানা পুলিশ জানিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং একটি কপি অভিযোগকারীকে দেওয়া হয়েছে।
মিশ্র প্রতিক্রিয়া
সামাজিক মাধ্যমে এই বিষয়ে মতামত দুভাগে বিভক্ত। একদলের মতে, বিজয় উদযাপনে বাড়াবাড়ি কিছু হয়নি। অন্যদল মনে করেন, জাতীয় পতাকার ক্ষেত্রে আরও সংযমী হওয়া উচিত ছিল।


