বাংলাদেশের জার্সি থেকে দূরে থাকলেও ক্রিকেট মাঠ থেকে সরে যাননি সাকিব আল হাসান। এবার ইউরোপের মাটিতে নতুন এক অভিজ্ঞতার অপেক্ষা তার। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে সরাসরি চুক্তিতে রয়্যাল ব্রাসেলসে যোগ দিয়েছেন সাকিব।
বেলজিয়ামে ক্রিকেটের নতুন অধ্যায়
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ বা ইইউটি-২০ এবারই প্রথম মৌসুমে নামছে। বেলজিয়ামের ব্রাসেলসে হবে আসরের সবগুলো ম্যাচ। আগামী ৬ জুন পর্দা উঠবে এই টুর্নামেন্টের, ফাইনাল হবে ১৪ জুন।
মোট ছয়টি দল এই আসরে অংশ নিচ্ছে। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ ও ব্রুগেস, বেলজিয়ামের এই ছয় শহরের প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

ড্রাফটের আগেই সাকিবকে বাগিয়ে নিল ব্রাসেলস
আগামী ২৪ মার্চ ব্রাসেলসে হবে টুর্নামেন্টের প্রথম মৌসুমের ড্রাফট। কিন্তু তার আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনে নিয়েছে রয়্যাল ব্রাসেলস। এই চুক্তি স্পষ্ট করে দেয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের চাহিদা এখনো তুঙ্গে।
তারকাদের মেলা
সাকিব ছাড়াও এই লিগে বেশ কয়েকজন পরিচিত মুখ দেখা যাবে। দক্ষিণ আফ্রিকার রসি ফন ডার ডুসেন ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ইতিমধ্যে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। প্রথম মৌসুমেই বড় নামগুলো যোগ দেওয়ায় টুর্নামেন্টটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেট মহলে।
ইউরোপের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটের এই নতুন উদ্যোগ সফল হলে ক্রিকেটের বৈশ্বিক বিস্তারে আরেকটি নতুন দরজা খুলে যাবে।


