টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উত্সবের রাতেই একটু তিক্ত খবর এলো ভারতের পেসার আর্শদিপ সিংয়ের জন্য। ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুড়ে মারার ঘটনায় আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হয়েছে তার।
যে মুহূর্তে ঘটল ঘটনাটি
নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে স্ট্রাইকে ছিলেন মিচেল। আর্শদিপের ওয়াইডিশ ইয়র্কারে ব্যাট চালান মিচেল, বল ফিরে আসে আর্শদিপের হাতেই। ফলো থ্রুতে সেই বলটি মিচেলের দিকে ছুড়ে মারেন ভারতীয় পেসার। বল গিয়ে লাগে মিচেলের থাই প্যাডে, তারপর চলে যায় উইকেটের পেছনে।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মিচেল। মাঠেই তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি।

আইসিসির কড়া অবস্থান
আইসিসির শৃঙ্খলা আইনের ২.৯ ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল বা সরঞ্জাম ছোড়া শাস্তিযোগ্য অপরাধ। আর্শদিপকে এই ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। গত ২৪ মাসে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
অভিযোগটি উত্থাপন করেছিলেন মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও আলেক্স ওয়ার্ফ এবং তৃতীয় আম্পায়ার আল্লাহুদ্দিন পালেকার।
দোষ স্বীকার, শুনানি লাগেনি
আর্শদিপ নিজেই দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে আলাদা কোনো শুনানির প্রয়োজন পড়েনি। শাস্তি কার্যকর হয়েছে সরাসরি।
বিশ্বকাপ জয়ের আনন্দে এই ঘটনাটি হয়তো বড় ছায়া ফেলবে না। তবে মাঠের উত্তেজনার মাশুল শেষ পর্যন্ত গুনতেই হলো ভারতের তরুণ পেসারকে।


