আহমেদাবাদে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আকাশ থাকবে পরিষ্কার। তাপমাত্রা উঠতে পারে ৩৮ ডিগ্রি পর্যন্ত। কিন্তু ক্রিকেট মাঠে আবহাওয়া কখনো কখনো হঠাৎ বদলে যায়। তাই প্রশ্নটা অনেকের মনেই উঁকি মারছে—যদি কোনো কারণে ফাইনাল শেষ না করা যায়, তাহলে বিশ্বকাপ ট্রফি যাবে কার হাতে? আইসিসির নিয়ম কিন্তু বেশ চমকপ্রদ।
রিজার্ভ ডে আছে, ভয় নেই
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা রয়েছে। আজকের ম্যাচ যদি কোনো কারণে শেষ না হয়, তাহলে পরদিন আবার খেলা হবে। মাঠে খেলা শুরু হওয়ার পর বন্ধ হয়ে গেলে পরদিন যেখানে থেমেছিল সেখান থেকে শুরু হবে। আর যদি আদৌ বল না গড়ায়, তাহলে পরদিন একেবারে শুরু থেকে খেলা হবে।
ম্যাচের দিন এবং রিজার্ভ ডে—দুটোর জন্যই অতিরিক্ত ১২০ মিনিট করে সময় রাখা হয়েছে। সাধারণত সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচ রাত ১০টা ২০ মিনিটের মধ্যে শেষ হওয়ার কথা। সেই হিসেবে ফাইনাল শেষ করতে হবে রাত ১২টা ২০ মিনিটের মধ্যে।

বৃষ্টিতে ম্যাচ ছোট হলে কী নিয়ম
বৃষ্টির কারণে পুরো ২০ ওভার খেলা না গেলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হতে পারে। তবে সেক্ষেত্রে দুই দলকে অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে। তার কম হলে ফলাফল দেওয়া সম্ভব নয়।
দুদিনেও শেষ না হলে যা হবে
সবচেয়ে অবাক করা নিয়মটা এখানেই। রিজার্ভ ডেতেও যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ফাইনাল সম্পন্ন করা না যায়, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী ভারত ও নিউজিল্যান্ড—দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
সেমিফাইনালে এমন পরিস্থিতিতে সুপার এইট পর্বের পয়েন্ট দেখে ফাইনালিস্ট বেছে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু ফাইনালে সেই পথ নেই। দুটি দলই সমান অধিকারে ট্রফিতে ভাগ বসাবে।
আজকের পরিস্থিতি কেমন
আবহাওয়ার পূর্বাভাস অবশ্য ভালোই। আহমেদাবাদে আজ আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তাই ফাইনাল নির্বিঘ্নে হওয়ার সম্ভাবনাই বেশি। তবু নিয়মটা জেনে রাখলে ক্ষতি নেই—ক্রিকেটে অনিশ্চয়তাই যে সবচেয়ে নিশ্চিত বিষয়।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে আজকের মহারণ।


