ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

আজ রাতেই ফয়সালা হবে—কে তুলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মহারণের আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—দুই দল ঠিক কোন একাদশ নিয়ে মাঠে নামবে? সেমিফাইনালের দল ধরে রাখার পক্ষে থাকলেও বিশেষজ্ঞরা পরিবর্তনের দাবি তুলছেন। ফাইনালের আগে দুই দলের সম্ভাব্য একাদশের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

ভারতের একাদশে কারা থাকছেন

ব্যাটিংয়ে ভারতের সবচেয়ে বড় ভরসা ওপেনিং জুটি। সঞ্জু স্যামসন উইকেটকিপারের দায়িত্বের পাশাপাশি শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। তার পাশে অভিষেক শর্মার নাম থাকলেও ফর্মহীনতার কারণে তাকে নিয়ে প্রশ্ন উঠছে। ইশান কিশান, অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা মিডল অর্ডারে দলের মেরুদণ্ড।

অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ও অক্ষর প্যাটেল দলের ভারসাম্য বজায় রাখবেন। আর বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং থাকবেন মূল চালিকাশক্তি হিসেবে। স্পিনে বরুণ চক্রবর্তীর জায়গা নিয়ে বিতর্ক থাকলেও তিনিই এখন পর্যন্ত প্রথম পছন্দ।

ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।

ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

নিউজিল্যান্ডের শক্তি কোথায়

কিউইদের সবচেয়ে বড় অস্ত্র তাদের ওপেনিং জুটি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ডগড়া সেঞ্চুরি করা ফিন অ্যালেন এই মুহূর্তে দলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটার। তার পাশে টিম সেইফার্ট দ্রুত শুরু এনে দেওয়ার সামর্থ্য রাখেন।

মিডল অর্ডারে রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন। মার্ক চ্যাপম্যান ও জেমস নিশাম নিচের দিকে দলকে বাড়তি গতি দিতে পারেন। বোলিংয়ে পেস আক্রমণের নেতৃত্বে ম্যাট হেনরি ও লকি ফার্গুসন, আর স্পিনে অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককনচি থাকবেন।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, কোল ম্যাককনচি, ম্যাট হেনরি এবং লকি ফার্গুসন।

কে এগিয়ে, কে পিছিয়ে

কাগজে-কলমে ভারতই এগিয়ে। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচ বাদে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে তারা। তবে নিউজিল্যান্ডও হালকা দল নয়। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে কিউইরা প্রমাণ করেছে বড় মঞ্চে তারা কতটা ভয়ানক হতে পারে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম বল পড়বে। তারপরেই পরিষ্কার হবে—কাদের পরিকল্পনা কাজে এসেছে।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top