রোববারের ফাইনালে ভারতের পুরোনো অভিশাপ, আজ কি বদলাবে ইতিহাস?

রোববার মানেই যেন ভারতের জন্য দুঃস্বপ্নের দিন। অন্তত বিশ্বকাপের ফাইনালে তো বটেই। আজ আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নামার আগে সূর্যকুমার-বুমরাহদের সামনে রয়েছে একাধিক অস্বস্তিকর পরিসংখ্যান। এই অভিশাপের বৃত্ত ভাঙতে পারবে কি ভারত?

রোববারের ফাইনালে ভারতের রেকর্ড শূন্য

এখন পর্যন্ত তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল রোববারে খেলেছে ভারত—২০০৩ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিনটিতেই তারা হেরেছে। আজকের ফাইনালও রোববার।

অথচ ভারত যে চারটি বিশ্বকাপ জিতেছে, সবকটি ফাইনাল ছিল ভিন্ন দিনে। ১৯৮৩, ২০১১ এবং ২০২৪ সালের শিরোপাজয়ী ফাইনাল হয়েছিল শনিবারে। আর ২০০৭-এর প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ম্যাচ হয়েছিল সোমবারে। রোববার জিতে বিশ্বকাপ ঘরে তোলার অভিজ্ঞতা এখনও নেই ভারতের।

রোববারের ফাইনালে ভারতের পুরোনো অভিশাপ, আজ কি বদলাবে ইতিহাস?

টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার অভিশাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৭ সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত নয়টি আসরে প্রতিবার নতুন কোনো দেশ শিরোপা ঘরে নিয়েছে। ভারত এবার সেই ধারা ভাঙার চেষ্টা করছে। ২০২৪ সালের পর এবারও চ্যাম্পিয়ন হলে সেটি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নজিরবিহীন।

স্বাগতিক হয়েও শিরোপা নেই কারও

নয়টি আসরে এখন পর্যন্ত কোনো স্বাগতিক দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। এবার ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজক। শ্রীলঙ্কা সুপার এইটেই বিদায় নিয়েছে। ভারত উঠে এসেছে ফাইনালে। ইতিহাসের দ্বিতীয় স্বাগতিক দল হিসেবে ফাইনালে উঠলেও শিরোপা জেতার কীর্তি এখনও স্বাগতিকদের কেউ করেনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। তিনবারই হেরেছে। আজকের ফাইনালে চতুর্থবার দেখা হচ্ছে দুই দলের। এই পরিসংখ্যান নিঃসন্দেহে ভারতের জন্য বড় মানসিক চাপ।

এর বাইরে, নিউজিল্যান্ড যে দুটি আইসিসি শিরোপা জিতেছে—২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ—দুটিতেই ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভারত। তবে সবশেষ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মার দল কিউইদের হারিয়েছে, যা কিছুটা স্বস্তির।

আহমেদাবাদেও রয়েছে তিক্ত স্মৃতি

যে মাঠে আজকের ফাইনাল, সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের আরেকটি বেদনার স্মৃতি রয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। সেই ক্ষতের স্মৃতি নিয়েই আজ ঘরের মাঠে আবার নামছে সূর্যকুমারের দল।

পরিসংখ্যান, ইতিহাস আর অভিশাপের সব বোঝা কাঁধে নিয়ে আজ মাঠে নামছে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় যখন প্রথম বল পড়বে, তখন কোটি কোটি ভক্তের প্রশ্ন একটাই—এবার কি সব ‘অপয়া’ পেছনে ফেলে ইতিহাস গড়বে ভারত?

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top