২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকে বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। কিন্তু সাম্প্রতিক চোট কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে দুশ্চিন্তা তৈরি করেছিল। সেই উদ্বেগ কিছুটা কমিয়ে দিলেন জামাল ভূঁইয়া।
হামজার চোট খুব একটা গুরুতর নয় এবং এশিয়ান কাপ বাছাইয়ে তাকে দলে পাওয়ার আশা আছে বলে জানিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ফুটবলার।
ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়েছিলেন হামজা
এ বছরের জানুয়ারির শেষে চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে চোটে পড়েন হামজা। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল তাকে।
এরপর লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কোল জানান, চোট অনেক গুরুতর এবং ৬-৮ সপ্তাহের মতো ছিটকে যেতে পারেন হামজা।
এতে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে হামজার খেলা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।

জামালের কথায় স্বস্তি
তবে জামাল ভূঁইয়া ভিন্ন কথা বললেন। গতকাল গোপীবাগে ব্রাদার্স ইউনিয়নের মাঠে অনুশীলন শেষে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল জানান, হামজা নিজেই তাকে বলেছেন যে সে আসবে।
চোটও খুব বেশি গুরুতর নয় বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। জামালের এই কথা সত্যি হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আশ্বস্ত হতেই পারেন।
মিলির পারফরম্যান্সেও মুগ্ধ জামাল
সাক্ষাৎকারে জামাল নারী এশিয়ান কাপে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের খেলার ভূয়সী প্রশংসা করেন। আজ সিডনিতে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারলেও মিলি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
উত্তর কোরিয়া বাংলাদেশের লক্ষ্য বরাবর ১০টি শট নিয়েছিল, যার মধ্যে পাঁচটিই অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন মিলি।
এর আগে চীনের বিপক্ষেও আটটি সেভ দিয়েছিলেন তিনি। ধারাভাষ্য কক্ষ থেকেও মিলির প্রশংসা ছুটে এসেছে অবিরাম।


