কলকাতায় পাঁচ দিন আটকা থেকে অবশেষে বাড়ি ফিরছে ওয়েস্ট ইন্ডিজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় গত পাঁচ দিন ধরে কলকাতায় আটকা পড়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটে লন্ডন হয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ফিরছেন নিকোলাস পুরান, ড্যারেন স্যামিরা।

বিশ্বকাপ বিদায়ের পর কলকাতায় পাঁচ দিন

গত ১ মার্চ রোববার ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকেই কলকাতায় অবস্থান করছে দলটি।

মধ্যপ্রাচ্যের উপর দিয়ে যাওয়া আকাশপথ বন্ধ থাকায় স্বাভাবিক ফ্লাইটে দেশে ফেরার সুযোগ পাচ্ছিলেন না ক্যারিবীয় ক্রিকেটাররা।

কলকাতায় পাঁচ দিন আটকা থেকে অবশেষে বাড়ি ফিরছে ওয়েস্ট ইন্ডিজ

ক্ষোভ উগরে দিলেন কোচ স্যামি

কয়েক দিন অপেক্ষার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ উগরে দেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। তিনি লিখলেন, ‘আমি শুধু বাড়ি যেতে চাই।’

এরপর আইসিসির কাছে আপডেট চেয়ে আরেকটি পোস্টে লিখলেন, ‘অন্তত একটা আপডেট দিন, কিছু একটা বলুন। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? পাঁচ দিন হয়ে গেল!’

স্বস্তির খবর এলো সন্ধ্যায়

তবে একই দিন সন্ধ্যায় স্যামির কণ্ঠে শোনা গেল স্বস্তির সুর। আইসিসি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার পর তিনি এক্সে জানান, আপডেট পেয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজ দল এটাই চাইছিল।

আইসিসির সূত্র ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে, কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে লন্ডন নেওয়া হবে দলটিকে এবং সেখান থেকে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরবেন।

শুক্রবার সকালেই রওনা

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার সকালেই কলকাতা থেকে রওনা দিতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। পাঁচ দিনের অনিশ্চয়তা ও হতাশার পর অবশেষে বাড়ি ফেরার পথ খুলে গেল ক্যারিবীয়দের।

মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top