ক্লাব ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার জেতার পর পুরো ইন্টার মায়ামি দলকে হোয়াইট হাউজে অভ্যর্থনা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম হোয়াইট হাউজ সফর।
মেসির উপহারে মুগ্ধ ট্রাম্প
ইস্ট রুমে ক্লাবের যৌথ মালিক জর্জে মাসের সঙ্গে প্রবেশ করেন মেসি। এরপর নিজের সই করা একটি মায়ামি গোলাপি বল প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেন তিনি।
পাশাপাশি মাস ও প্রধান কোচ জাভিয়ের মাসচেরানোর কাছ থেকে একটি মায়ামি জার্সি এবং ঘড়িও উপহার পান ট্রাম্প।

‘আগে কোনো প্রেসিডেন্ট বলতে পারেননি এই কথা’
মায়ামি স্কোয়াডকে পেছনে রেখে ট্রাম্প বলেন, আজ তিনি এমন একটি কথা বলতে পারছেন যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি।
গর্বের সঙ্গে তিনি বললেন, ‘লিওনেল মেসি, আপনাকে হোয়াইট হাউজে স্বাগতম।’ ছেলের মেসিভক্তির কথা উল্লেখ করে ট্রাম্প জানান, সকালে ছেলেই তাকে জানিয়েছিলেন আজ কে আসছেন।
রোনালদোর সঙ্গে তুলনায় দুজনকেই ‘দারুণ’ বললেন ট্রাম্প
মেসিকে প্রশংসা করতে গিয়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাও টানলেন ট্রাম্প। গত নভেম্বরে হোয়াইট হাউজের একটি নৈশভোজে অংশ নিয়েছিলেন রোনালদো।
ট্রাম্প বললেন, রোনালদো ও মেসি দুজনেই দারুণ এবং তার ছেলে দুজনেরই একনিষ্ঠ ভক্ত।
চাপের মধ্যে জয়, মেসিকে অসাধারণ আখ্যা
গত ৬ ডিসেম্বর এমএলএস কাপ জেতে মায়ামি এবং টানা দ্বিতীয় মৌসুমে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন মেসি। এই অর্জন প্রসঙ্গে ট্রাম্প বলেন, জয়ের প্রত্যাশার বিশাল চাপ নিয়ে খেলে জেতা সত্যিই অস্বাভাবিক কিছু, যা প্রায় কেউই পারে না।
লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলসহ পুরো মায়ামি দলকে শেষে ওভাল অফিসেও আমন্ত্রণ জানান ট্রাম্প। হোয়াইট হাউজে চ্যাম্পিয়নশিপ দলকে সংবর্ধনা দেওয়ার দীর্ঘদিনের রীতি মেনেই এবার মেসির পা পড়ল সেই ঐতিহাসিক ভবনে।


